- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৫, ২০২৩
১৯৯৯–এর প্রতিশোধের স্বপ্ন প্রোটিয়াদের, তৈরি অস্ট্রেলিয়াও
বৃহস্পতিবার ইডেন গার্ডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা ঘুঁচিয়ে প্রথমবার ফাইনালে কি উঠতে পারবে প্রোটিয়ারা? না, ষষ্ঠবার কাপ জেতার দিকে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া? দুই দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেকথা নিশ্চিতভাবে বলা যায়।
১৯৯৯ বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। জেতার মতো জায়গা থেকেও ফাইনালে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৯ রান। ফ্লেমিংয়ের প্রথম দুটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করেছিলেন ল্যান্স ক্লুজনার। ৪ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ১ রান। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে রান আউট হন অ্যালান ডোনাল্ড। ম্যাচ টাই হয়। কম বল খেলার জন্য ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে এইরকম নাটকীয় ম্যাচ আর কখনও হয়নি। ২৪ বছরের অভিশাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ।
প্রতিশোধের ম্যাচে অবশ্য কিছুটা হলেও ব্যাকফুটে প্রোটিয়া শিবির। চোটের জন্য অধিনায়ক তেম্বা বাভুমা অনিশ্চিত। তবে দক্ষিণ আফ্রিকাকে আশা দেখাচ্ছে লিগ পর্বের ম্যাচের ফলাফল। অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইডেনের বাইশ গজে কুইন্টন ডিকক, হেনরিক ক্লাসেন, রাসি ভ্যান ডার ডুসেনদের ব্যাটের দিকে তাকিয়ে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। স্পিনার কেশব মহারাজও অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপকে বেগ দেওয়ার জন্য তৈরি।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা অবশ্য সাংবাদিক সম্মেলনে পরিস্কার জানিয়ে দিয়েছেন, ‘আমি ১০০ শতাংশ ফিট নই। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ ভারতের বিরুদ্ধে ম্যাচে এই ইডেনেই ৮৩ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই কথা মাথায় রেখে দুই স্পিনার খেলানোর পরিকল্পনা। সঙ্গে ৩ জোরে বোলার। তবে প্রোটিয়া ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য তৈরি অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাও। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়াও যথেষ্ট সতর্ক। তবে একটাই স্বস্তি গ্লেন ম্যাক্সওয়েলের ফিট হয়ে ওঠা। আফগানিস্তানের বিরুদ্ধে লিগের ম্যাচে পেশিতে টান ধরেছিল। খোঁড়াতে খোঁড়াতে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ম্যাক্সওয়েলকে। তাঁর পরিবর্তে খেলতে নেমে দুরন্ত ব্যাট করেছিলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার টপ অর্ডার দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রোটিয়া বোলারদের কাছে স্মিথরা চ্যালেঞ্জ হয়ে উঠবে। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি অস্ট্রেলিয়াও।
❤ Support Us






