Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৭, ২০২৩

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মার্করাম, সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মার্করাম, সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ফেবারিটের তালিকায় রাখেননি কোনও বিশেষজ্ঞই। অথচ নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখাল প্রোটিয়ারা। এক ইনিংসে তিন–তিনটি সেঞ্চুরি, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড, সব কিছুরই সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা ম্যাচ। ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মার্করাম।
বিশ্বকাপে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’‌ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি করে কেভিন ও’‌ব্রায়েনের রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির দিক দিয়ে রয়েছে তিন নম্বরে। ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডিভিলিয়ার্স। আর ৪৪ বলে সেঞ্চুরি রয়েছে মার্ক বাউচারের।
বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ডও নিজেদের দখলে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে তুলেছিল ৪১৭। সেই রেকর্ড ভেঙে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলল ৫ উইকেটে ৪২৮। এই নিয়ে বিশ্বকাপে ৪০০–র বেশি রান করল দক্ষিণ আফ্রিকা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৪০০–র বেশি রান করল ৮ বার। এই দুটি কৃতিত্ব আর কোনও দলের নেই।
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন কুইন্টন ডিকক, রাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার সেঞ্চুরি করলেন বিশ্বকাপের ইতিহাসে আর কোনও দলের ব্যাটারদের এই কৃতিত্ব নেই। ওর আগে দক্ষিণ আফ্রিকার ২ বার ও ইংল্যান্ডের একবার এই কৃতিত্ব ছিল। ২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাসিম আমলা অপরাজিত ছিলেন ১৫৩ রানে, রাইলি রুসো ১২৮, এবি ডিভিলিয়ার্স ১৪৯ রান করেছিলেন। প্রোটিয়ারা তোলে ২ উইকেটে ৪৩৯। ২০১৫ সালের অক্টোবরে মুম্বইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকা তুলেছিল  ৪৩৮/‌৩। কুইন্টন ডি কক ১০৯, ফাফ ডু প্লেসি ১৩৩ ও এবি ডি ভিলিয়ার্স ১১৯ রান করেন। ২০২২ সালে আমস্টেলভিনে হল্যান্ডের ৪৯৮/‌৪ তোলে ইংল্যান্ড। ফিল সল্ট ১২২, ডেভিড মালান ১২৫, জস বাটলার অপরাজিত ১৬২ রান করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!