Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৬, ২০২৬

নিপা নিয়ে সতর্কতা, কাটোয়া হাসপাতালে আইসিএমআর এর প্রতিনিধি দল

আরম্ভ ওয়েব ডেস্ক
নিপা নিয়ে সতর্কতা, কাটোয়া হাসপাতালে আইসিএমআর এর প্রতিনিধি দল

নিপা ভাইরাস কাণ্ডের সরেজমিন তদন্তে কাটোয়া মহকুমা হাসপাতালে এল পুনের আইসিএমআর-এর ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের তিন প্রতিনিধি। নিপা ভাইরাস আক্রান্ত বারাসাতের বেসরকারি হাসপাতালের তরুণী নার্স কাটোয়া মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রতিনিধিরা সেই মহিলা ওয়ার্ড পরিদর্শনের সঙ্গে চিকিৎসার যাবতীয় নথি পরীক্ষা করেন। হাসপাতালের নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। আক্রান্ত নার্স ভর্তি হওয়ার সময়ে কারা সেখানে তাঁর চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন, কী কী ওষুধ দেওয়া হয়েছিল, সেসব তথ্য সংগ্রহ করেন। কারা কারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন, সেই তালিকা সংগ্রহ করেন।

হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডলের সঙ্গে প্রতিনিধিদল  একটি বৈঠকও করেন৷ হাসপাতাল সূত্রের খবর,  প্রয়োজনে হোম কোয়ারেন্টিনে থাকা প্রত্যেকের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার পরামর্শ দিয়েছেন আইসিএমআর-এর প্রতিনিধিরা। বিপ্লববাবু জানান, ‘আক্রান্তের সংস্পর্শে আসা কারও তেমন কোনও উপসর্গ নেই। তা সত্ত্বেও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’

জানা গেল, আক্রান্ত নার্সের প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা মোট ৫২ জনের নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়েছে। উপসর্গ থাকায় বর্ধমান মেডিক্যাল কলেজের এক হাউস স্টাফকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজের এক নার্সকে সেখানেই ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত বারাসাতের বেসরকারি হাসপাতালের তরুণী নার্সের মঙ্গলকোটের বাড়িতে ফের হাজির স্বাস্থ্য দপ্তরের একটি দল। সেখানে ওই নার্সের আত্মীয় ও পড়শিদের সঙ্গে কথা বলে দলটি। গ্রামে থাকাকালীন ওই তরুণী কার কার সংস্পর্শে এসেছিল, তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেইসঙ্গে সতর্কতা ও সচেতনতা প্রচার করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!