- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৩
এই প্রথম মহিলা শিল্ড আয়োজন করেছে আইএফএ
বাংলার মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে দারুণ পদক্ষেপ নিয়েছে আইএফএ। আইএফএ-এর ইতিহাসে এই প্রথম মহিলাদের নিয়ে শিল্ড টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ছটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তেহট্টে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও নদীয়া জেলা একাদশ। আর দ্বিতীয় ম্যাচে কৃষ্ণনগরে খেলবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও মহমেডান স্পোর্টিং।
পুরুষদের আইএফএ শিল্ড হলেও মহিলাদের শিল্ড এই প্রথম আয়োজন করছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। প্রথম বছর বলেই এবার ৬টি দল নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। এবছর শিল্ডে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল, মহমেডান, শ্রীভূমি ফুটবল ক্লাব, চাঁদনি স্পোর্টস, নদীয়া এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে ইস্টবেঙ্গল, চাঁদনি স্পোর্টিং এবং নদীয়া জেলা। আর দ্বিতীয় গ্রুপে আছে মহামেডান স্পোর্টিং,শ্রীভূমি ফুটবল ক্লাব এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে খেলবে।
জেলায় মহিলা ফুটবলকে জনপ্রিয় করতেই নদীয়াতে শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। গোটা প্রতিযোগিতা হবে নদীয়ার তেহট্ট ও কৃষ্ণনগরে। কেন জেলায় শিল্ড আয়োজন করা হচ্ছে, এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ‘জেলার মহিলা ফুটবলকে আরও উজ্জীবিত করার লক্ষ্য নিয়েই আমরা মহিলাদের শিল্ড জেলায় করার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি সুষ্ঠুভাবেই প্রতিযোগিতা সম্পন্ন করতে পারব।’
❤ Support Us






