- দে । শ
- মার্চ ৭, ২০২৫
বেআইনি চাষ কাটোয়ায়, বাজেয়াপ্ত ৫০০ কেজি পোস্ত
ভুট্টা খেতের মধ্যে চলছিল পোস্ত চাষ। কাটোয়ার সাহেবনগর গ্রামের ভাগীরথীর পাড়ে। খবর পেয়েই হাজির পুলিশ ও আবগারি দফতর। নষ্ট করে চাষ। প্রায় ৫০০ কেজি পোস্ত ফল বাজেয়াপ্ত। বেআইনি চাষের অভিযোগে আনসার শেখ ও তার ছেলে মকবুল শেখ গ্রেপ্তার। আনসারের সবমিলিয়ে বিঘে তিনেক জমি রয়েছে। তার মধ্যে সাড়ে ৩ কাঠা জমিতে পোস্ত চাষ করেছিল আনসার। আবগারি দপ্তর সূত্রের খবর, আন্তঃরাজ্য ড্রাগ পাচারকারীরা মোটা টাকার টোপ দিয়ে পোস্ত চাষ করায়। ধৃতদের সঙ্গে এরকম কোনও পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ও আবগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে এর আগে মঙ্গলকোটের অজয় ও কেতুগ্রামের ভাগীরথী লাগোয়া এলাকায় পোস্ত চাষ নষ্ট করেছে।
অন্যদিকে বেআইনিভাবে চলছিল জলাশয় ভরাট। কালনা শহরের যোগীপাড়া এলাকায়। খবর পেয়ে ভরাটের কাজ চলাকালীন হাজির হন কালনা পুরসভার আধিকারিকরা। বন্ধ করে দেন ভরাটের কাজ। কালনা শহরের ৯নং ওয়ার্ডের যোগীপাড়ায় একটি জলাশয়ের গায়েই কো-অপারেটিভ ব্যাঙ্কের বিল্ডিং তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কাজে ওই জলাশয়ের একটি অংশ বোজানো-সহ ড্রেন বুজিয়ে কাজ চলছিল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সেই কাজ বন্ধ করে দিলেন কালনা পুরসভার আধিকারিক ও কাউন্সিলররা। পুরসভার উপপুরপ্রধান তপন পোড়েল জানান, ‘কোনওভাবেই জলাশয় বোজানো যাবে না। একটি কো-অপারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে যোগীপাড়ায় একটি জলাশয় বোজানোর কাজ চলছিল। পুরসভাকে কিছুই জানানো হয়নি। সেই কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
❤ Support Us





