Advertisement
  • দে । শ
  • জুন ৫, ২০২৬

দক্ষিণবঙ্গে টানা সাত দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কলকাতাতেও ভেজা আবহাওয়া। উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণবঙ্গে টানা সাত দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কলকাতাতেও ভেজা আবহাওয়া। উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার ভোর থেকেই কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। কোথাও কোথাও রাস্তায় জল জমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই বৃষ্টির ফলে দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী এক সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় টানা সাত দিন বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই চার জেলার জন্য আলাদা করে কোনও বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে, হুগলিতে সোমবার, দক্ষিণ ২৪ পরগনায় রবিবার, এবং পূর্ব মেদিনীপুরে রবিবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আগামী সাত দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্যও আপাতত কোনও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি। ফলে মৎস্যজীবীদের জন্য বর্তমানে নতুন কোনও নিষেধাজ্ঞা নেই।

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে বলে পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। কালিম্পঙে মঙ্গলবার থেকে এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই এসব জেলায় নিয়মিত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে।

বৃহস্পতিবার দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও এ বছর নির্ধারিত সময়ের তিন দিন পরে মৌসুমি বায়ু দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। বর্তমানে তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পূর্ব ভারত ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বর্ষা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে দেশের উত্তরাংশে বর্ষার প্রবেশ ঘটতে পারে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। অন্যদিকে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি ছিল। বৃষ্টির কারণে আপাতত গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামী কয়েক দিন আকাশ মেঘলা ও আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!