- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২, ২০২৬
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে । এর প্রভাবে ৩ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।
বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । কলকাতার আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে । আজ ও আগামীকাল শহরে বিক্ষিপ্তভাবে এক-দু’পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে । রবিবার শহরে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে । একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস ।
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে ।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে । এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে । আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে ।
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর । পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে । তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে । আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
❤ Support Us








