Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৮, ২০২৬

রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সময়ের বাইরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে কলকাতা ও হাওড়ায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বাদে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি বেশি হতে পারে, একই সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকবে। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী দুই–তিন দিনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। তবে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এছাড়া আগামী তিন দিন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, কোথাও কোথাও তা ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে আগামী ২১ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!