- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৫, ২০২৩
কলকাতার শিশু পাচার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।চক্রের সঙ্গে যুক্ত অন্তত ১০০ ‘সারোগেট’ মা !
কলকাতায় শিশু পাচারের সঙ্গে যুক্ত অন্তত ১০০ ‘সারোগেট’ মায়ের সন্ধান পেল পুলিশ। এছাড়াও সন্ধান পাওয়া গেছে এই শিশু পাচার চক্রের আরও কয়েকজন এজেন্টের। এই বিষয়ে প্রথম পদক্ষেপ হিসাবে পাচার চক্রের এক মাথা মমতা পাত্রকে নিয়ে শুক্রবার পূর্ব কলকাতার আনন্দপুরের একটি আইভিএফ ক্লিনিকে তল্লাশি চালালেন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের একটি দল।
আনন্দপুরের নোনাডাঙা থেকে শিশুকন্যা পাচার চক্রের তদন্ত করতে গিয়েই শিশুটির মা রূপালি মণ্ডলের সূত্র ধরে মমতা পাত্রর সন্ধান পায় পুলিশ। ওই মহিলা ডিম্বানু দানের নামে আইভিএফ সেন্টারে সন্তান বিক্রি করত বলে অভিযোগ। একই সঙ্গে সারোগেটেড মা-এর কাজও সে করত। পুলিশ জানতে পেরেছে, এই চক্রের মাথা ও এজেন্টরা নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে গিয়ে ডিম্বানু ‘দান’-এর পাশাপাশি ৪০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে সারোগেটেড মা হওয়ার প্রস্তাব দিত। অনেকেই আর্থিক সচ্ছলতা না থাকার জন্য, আয়ের নেশায় সেই প্রস্তাবে রাজি হয়ে যেত। এভাবে প্রায় একশোজন সারোগেটেড মা -যে খবর পুলিশ পেয়েছে , যারা এই চক্রের সঙ্গে যুক্ত।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত মমতা পাত্র কিছুদিন আগেও গর্ভ ভাড়া দিয়েছিল। গত সপ্তাহে সেই শিশুটি জন্ম নেয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি দেখে জানা গেছে, আনন্দপুরের ওই আইভিএফ সেন্টারে চিকিৎসার মাধ্যমেই সারোগেটেড মা হয় মমতা পাত্র। বেআইনিভাবে না কি আইন মেনে সে গর্ভ ভাড়া দেয়, সেই জানতে পুলিশ আনন্দপুরের ওই আইভিএফ সেন্টারটিতে গিয়ে নথির সন্ধান করে। সেন্টারের কয়েকজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়। বেআইনিভাবে মহিলা গর্ভ ভাড়া দিলে তার জন্ম দেওয়া শিশুটি পাচার হয়েছে বলেই ধরে নেওয়া হবে। সেই ক্ষেত্রে তাকে উদ্ধারের চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এক চিকিৎসকের যুক্ত থাকার খবরও পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে।
❤ Support Us






