- দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৫
জাতি দ্বন্দ্ব মেটাতে বড়ো পদক্ষেপ মণিপুরে, কুকি ত্রাণ শিবিরে গেলেন মেইতেই বিধায়ক
দুই বছরেরও বেশি সময় আগে জাতিগত হিংসা শুরু হওয়ার পর এই প্রথম পাহাড়ি অঞ্চলের কুকি অধ্যুষিত দুটি গ্রামে ভ্রমণ করলেন মেইতেই সম্প্রদায়ের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন রাজ্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সি। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কুকি উপজাতির বাস্তুচ্যুত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি। মেইতে সম্প্রদায়ের বিধায়কের কুকি ত্রাণ শিবির পরিদর্শন মণিপুরে পুনর্মিলনের পথে বড় পদক্ষেপ
বিজেপি বিধায়ক ইয়ুমনাম খেমচাঁদ সিং প্রথমে নাগা–অধ্যুষিত উখরুল জেলার লিটানে যান। সেখানে তিনি কুকি উপজাতির বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলেন। বাস্তুচ্যুতদের দুঃখ–দুর্দশার কথা জানতে চান। বিধায়কের কাছে ত্রাণ শিবিরে থাকা কুকি সম্প্রদায়ের বাস্তুচ্যুত মানুষরা সরকারের সহায়তায় পুনর্নির্মাণ এবং বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইয়ুমনাম বলেন, ‘বিভিন্ন দেশের মধ্যে, বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কিন্তু পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের সম্প্রীতির সঙ্গে বসবাস করতে শেখা উচিত। একে অপরের গ্রামে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা থাকা উচিত নয়। আমাদের এই সংঘাত সন্তানদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। বড়দের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবা উচিত।’ সামনেই বড়দিন। ইয়ুমনাম বলেন, ‘বড়দিন আসার সঙ্গে সঙ্গে আমাদের সকলের উচিত রাজ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রার্থনা করা।’
লিটানের পর ইয়ুমনাম মায়ানমার সীমান্তবর্তী কামজং জেলার চাসাদ কুকি গ্রামে যান। মণিপুর বিজেপির সহ–সভাপতি এবং তাংখুল নাগা নেতা হোপিংসন শিমরে তাঁর সঙ্গে ছিলেন। সেখানেও তিনি কুকি উপজাতির নেতাদের সঙ্গে কথা বলেন। মণিপুরের তফসিলি উপজাতি তালিকা থেকে বিতর্কিত ‘কুকি উপজাতি’ বিভাগটি বাদ দেওয়ার জন্য প্রচার চালিয়ে আসা থাডু উপজাতির যুব নেতা মাইকেল লামজাথাং থাডু ইয়ুমনামের এই সফরকে স্বাগত জানিয়ে এক্স–এ লেখেন, ‘ছোট কিন্তু সুন্দর একটা পদক্ষেপ’। লামজাথাংয়ের অভিযোগ, কিছু কুকি আধিপত্যবাদীর জন্য তারা ঘরে ফিরতে পারছেন না। অনেকেই মনে করছেন ইয়ুমনামের পরিদর্শন মণিপুরে শান্তি ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বড় পদক্ষেপ।
❤ Support Us





