Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২, ২০২৩

৭ দিনের মধ্যেই ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি, নইলে পরিস্থিতি উত্তাল, হুমকি টিকায়েতের

আরম্ভ ওয়েব ডেস্ক
৭ দিনের মধ্যেই ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি, নইলে পরিস্থিতি উত্তাল, হুমকি টিকায়েতের

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় সরকারকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ৮ জুনের মধ্যে ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা না হলে গোটা দেশে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি রাকেশ টিকায়েত।

শুক্রবার হরিয়ানায় খাপ পঞ্চায়েতে কুস্তিগিরদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক হয়। এদিন বৈঠক শেষে ভারতীয় কিষাণ ইউনিয়েনের নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। আমরা কোনও সমঝোতায় যাব না। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা না হলে, ৯ জুন আমরা আবার যন্তর মন্তরে যাব। গোটা দেশ  জুড়ে কুস্তিগিরদের সমর্থনে মহাপঞ্চায়েত আয়োজন করা যাবে।’‌
তিনি আরও বলেন, ‘‌যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে কুস্তিগিররা খুবই হতাশ। সুপ্রিম কোর্ট কুস্তিগিরদের নিরাপত্তা দিতে বলেছে। তা সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এরপর যদি কুস্তিগিরদের যদি খারাপ কিছু হয়, তার জন্য প্রশাসন, সরকারকে দায় নিতে হবে।’‌ পাশাপাশি কুস্তিগিরদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগাটদের আগেই পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন কৃষক নেতারা। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ মঞ্চেও সামিল হয়েছিলেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরের সোরামে খাপ পঞ্চায়েতের ডাক দিয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা নরেশ টিকায়েত। সেই খাপ পঞ্চায়েতে হাজির ছিলেন পা়ঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লির খাপ নেতারা। বৃহস্পতিবারের বৈঠকে কৃষক নেতারা কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন। কুস্তিগিরদের ন্যায়বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাবেন বলে জানান রাকেশ টিকায়েত। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’‌র সঙ্গেও দেখা করার কথা বলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!