Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৩, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট জয়ের পথে ভারতীয় মহিলা দল

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট জয়ের পথে ভারতীয় মহিলা দল

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একমাত্র টেস্টে জয়ের মুখে ভারতীয় মহিলা দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে ৫ উইকেট। বড় কোনও অঘটন না ঘটলে টানা দুই টেস্টে ভারতের জয় নিশ্চিত।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২১৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ৭ উইকেটে তুলেছিল ৩৭৬ রান। দীপ্তি শর্মা ৭০ ও পূজা বস্ত্রকার ৩৩ রানে অপরাজিত ছিলেন। এদিন অবশ্য ভারতীয় ইনিংসকে খুব বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি এই দুই ব্যাটার । ভারতের অষ্টম উইকেটের পতন ঘটে ৩৯৬ রানের মাথায়। প্রথম আউট হন পূজা বস্ত্রকার। সাদারল্যান্ডের বলে কিম গার্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পূজা। ১২৬ বলে তিনি করেন ৪৭ রান। এরপর দীপ্তি শর্মাকে তুলে নেন কিম গার্থ। ৭৮ রান করে আউট হন দীপ্তি। ৮ রান করে ফিরে যান রেনুকা সিং। ৪০৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ৪৯ রান তোলেন বেথ মুনি ও ফোয়েবা লিচফিল্ড। ৩৩ রান করে রিচা ঘোষের দুরন্ত থ্রো-তে রান আউট হন বেথ মুনি। এরপর লিচফিল্ডকে (১৯) তুলে নেন স্নেহ রানা। ৫৬ রানে২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর হাল ধরেন এলিসে পেরি ও তাহলিয়া ম্যাকগ্রাথ। দুজনের জুটিতে ওঠে ৮৪ রান। এলিসে পেরিকেও তুলে নেন স্নেহ রানা। ২০৪ রানের মাথায় আউট হন ম্যাকগ্রাথ। তিনি করেন ৭৩ রান। অধিনায়ক হরমনপ্রীত কাউরের শিকার ম্যাকগ্রাথ। অ্যাশলে হিলিকেও (৩২) তুলে নেন হরমনপ্রীত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৩৩। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া ৪৬ রানে এগিয়ে রয়েছে। সাদারল্যান্ড ১২ ও গার্ডনার ৭ রান করে ক্রিজে রয়েছেন। ভারতের হয়ে স্নেহ রানা ও হরমনপ্রীত কাউর ২টি করে উইকেট নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!