- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৭, ২০২৩
লোকেশের ব্যাটে জয় ভারতের
টেস্টি সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না। সাদা বলের ক্রিকেটে ছন্দ ফিরে পেলেন লোকেশ রাহুল। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ওপর ভর করে সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ৯১ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে জয় এনে দেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৯.৫ ওভারে ১৯১/৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারেই সাফল্য ভারতের। মহম্মদ সিরাজের বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ট্রেভিস হেড (৫)। এরপর দলকে এগিয়ে নিয়ে যান স্টিভ স্মিথ ও মিচেল মার্শ। ১৩তম ওভারে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তুলে নেন স্টিভ স্মিথকে (৩০ বলে ২২)। হার্দিকের বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দেন অসি অধিনায়ক।
স্মিথ ফিরে গেলেও দুর্দান্ত ব্যাটিং করছিলেন মিচেল মার্শ। রবীন্দ্র জাদেজার বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্শ (৬৫ বলে ৮১)। মার্নাস লাবুশেন ২২ বলে ১৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামান মহম্মদ সামি। পরপর তুলে নেন জস ইংলিশ (২৭ বলে ২৬) ও ক্যামেরন গ্রিনকে (১২)। মার্কাস স্টয়নিসকে (৫) ফিরিয়ে অস্ট্রেলিয়ার বড় রানের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন সামি। ম্যাক্সওয়েলকে (৮) ফেরান জাদেজা। ১৭ রানে ৩ উইকেট নেন সামি। ২৯ রানে ৩ উইকেট সিরাজের। ২টি উইকেট নেন জাদেজা।
জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় ওভারেই মার্কাস স্টয়নিসের বলে এলবিডব্লিউ হন ঈশান কিশান (৩)। পঞ্চম ওভারে আবার ধাক্কা ভারতীয় শিবিরে। এবার স্টার্কের শিকার বিরাট কোহলি (৪)। তিনিও এলবিডব্লু হন। পরের বলেই সূর্যকুমার যাদবকে (০) তুলে নিয়ে ভারতীয় ইনিংসে ধস নামান স্টার্ক। ৫ ওভারের মধ্যে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ফর্মে থাকা শুভমান গিল চেষ্টা করছিলেন চাপ কাটানোর। বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। স্টার্কের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমান (৩১ বলে ২০)।
৩৯ রানে ৪ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন লোকেশ রাহুল ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জুটিতে ওঠে ৪৪। হার্দিককে (২৫) তুলে নিয়ে জুটি ভাঙেন স্টয়নিস। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত। শেষপর্যন্ত লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা চাপ কাটিয়ে ভারতকে জয় এনে দেন। টেস্ট সিরিজের ব্যর্থতা কাটিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল। ৯১ বলে ৭৫ রান করে তিনি অপরাজিত থাকেন। ৬৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ৩ উইকেট নেন স্টার্ক, ২ উইকেট স্টয়নিসের।
❤ Support Us






