Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৩০, ২০২৫

লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল বয়কট, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল বয়কট, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল ভারত

লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ বয়কট করল ভারত। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে। প্রতিযোগিতার আয়োজক ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে ভারত জানিয়ে দিয়েছে সেমিফাইনালে তারা পাকিস্তানের বিরুদ্ধে দল নামাবে না। ভারত সরে দাঁড়ানোয় লেজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠল পাকিস্তান।
রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি–র এবং এসিসি–র প্রতিযোগিতায় এই দুই দেশ মুখোমুখি হয়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে তারা মাঠে নামবে না।
লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তার প্রভাব। অপারেশন সিঁদুরের পর রাজনৈতিক উত্তেজনার কারণে লেজেন্ডদের ক্রিকেটেও ভারতের অধিকাংশ ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি। গ্রুপ লিগে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকজন শীর্ষস্থানীয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পাকিস্তানকে বয়কটের ডাক দিয়েছিলেন। ফলে গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত।
৩১ জুলাই, বৃহস্পতিবার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ম্যাচের আগের দিন ভারতীয় দলের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ সেমিফাইনাল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তাদের যুক্তি সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। এক্স–এ এক বিবৃতিতে কোম্পানির মালিক নিশান্ত পিট্টি বলেছেন, ‘‌আমরা টিম ইন্ডিয়া @India_Champions কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে অসাধারণ পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানাই। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল কেবল আরেকটি খেলা নয়। সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনও ইভেন্টকে আমরা সমর্থন করতে পারি না। EaseMyTrip WCL–তে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত হবে না।’‌
টুর্নামেন্টের শুরুতে শিখর ধাওয়ান, হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা প্রথম পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। ধাওয়ান বলেছিলেন, রাজনৈতিক উত্তেজনার কারণে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না। ভারত গ্রুপ লিগে পাকিস্তান ম্যাচ বয়কট করে। এরপর পাকিস্তানের শাহিদ আফ্রিদি পুরো পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি করেন। ২০ জুলাই তিনি বলেছিলেন, অনেক ভারতীয় ক্রিকেটার ম্যাচ খেলতে না পেরে হতাশ। তিনি শিখর ধাওয়ানের ওপর দোষ চাপিয়েছিলেন। আফ্রিদি ধাওয়ানকে ‘‌পচা ডিম’‌ বলে অভিহিত করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘‌খেলাধুলা দেশগুলোকে আরও কাছে নিয়ে আসে। যদি রাজনীতি সবকিছুর মাঝখানে চলে আসে, তাহলে আপনি কীভাবে এগিয়ে যাবেন? যোগাযোগ ছাড়া, কোনও সমস্যার সমাধান করা যাবে না। এই ধরণের ইভেন্টের মূল উদ্দেশ্য হল মিলন। কিন্তু কোনও দলে একটা পচা ডিম থাকে, যা সবকিছু নষ্ট করে দেয়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!