Advertisement
  • দে । শ
  • জুন ১১, ২০২৫

করোনা সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্র ।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাধ্যতামূলক কোভিড টেস্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
করোনা সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্র ।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাধ্যতামূলক কোভিড টেস্ট

দেশে আবার হু হু গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের একাধিক রাজ্যে নতুন করে ঊর্ধ্বমুখী সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমহলে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। প্রাণ হারিয়েছেন ৬ জন। সক্রিয় সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৭,১২১-এ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নতুন সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরল, গুজরাট এবং কর্ণাটক। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে সাংসদ ও বিধায়কদের নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে, তার আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে আরটি-পিসিআর অর্থ্যাৎ কোভিড পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে তবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি মিলবে।যদিও সরকারি ভাবে এখনও এ নিয়ে কিছু জানানো হয়নি, তবে কেন্দ্রীয় সূত্রের দাবি, এটি একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’।

জানা যাচ্ছে, আজকের বৈঠকে সব রাজ্যের বিজেপি নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ জন বিজেপি নেতানেত্রীর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে সাতটি বহুদলীয় প্রতিনিধিদল সম্প্রতি বিদেশ সফর করে দেশে ফিরেছে। সেই প্রতিনিধি সদস্যদের অভিজ্ঞতা, বিদেশি প্রতিক্রিয়া ও আগামীর কূটনৈতিক পরিকল্পনা নিয়ে সবিস্তারে আলোচনা করতে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এর পরদিনই কোভিড নির্দেশিকার নয়া ফরমান সামনে এলো।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে মাথাচাড়া দিয়েছে কোভিড। দেশের বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্তের খবর মিলছে। কেরলে গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে মোট সক্রিয় আক্রান্ত ২,২২৩ জন। মৃত্যুও ঘটেছে ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৮৭ বছরের এক প্রৌঢ়া, যিনি হৃদ্‌রোগে ভুগছিলেন, এক ৭৮ বছরের ব্যক্তি যিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং এক ৬৯ বছরের ব্যক্তি। গুজরাটে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৪ জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্ত ১,২২৩। কর্ণাটকে ১০০ জনের সংক্রমণ ধরা পড়েছে, রাজ্যে মোট সংক্রমণ ৪৫৯। মৃত্যু হয়েছে ২ জনের। রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক ৪৩ বছরের ব্যক্তির, যিনি রেট্রোভাইরাল ডিজিজে আক্রান্ত ছিলেন। বিহারে ৫ জন এবং অসমে ১ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গেও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪৭। তবে রাজ্যের স্বাস্থ্য দফতর কোভিড সংক্রান্ত হালনাগাদ তথ্য দিতে বিলম্ব করছে বলে সূত্রের খবর।

দেশজুড়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮,৫৭৩ জন। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭৪-এ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এনো পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, সতর্ক না হলে পরিস্থিতি ঘোরালো রূপ নিতে পারে। স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ‘লোকজনের মধ্যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। মাস্ক পরার প্রবণতা কমেছে, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এগুলি ফের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।’ কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক-সহ কয়েকটি রাজ্যে ফের সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলেই জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও, পর্যাপ্ত্য অক্সিজেন,ভেন্টিলেটর, আইসোলেশন বেড, জীবনদায়ী অষুধ সরবরাহ নিশ্চিত করতে রাজ্যগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে কেন্দ্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!