Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৬

বৃষ্টির ঘাটতিতে চাপে দেশের কৃষিব্যবস্থা! মহারাষ্ট্রে ২৬৫ তালুকে খরা ঘোষণা, তামিলনাড়ুতে দীর্ঘমেয়াদি শুষ্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টির ঘাটতিতে চাপে দেশের কৃষিব্যবস্থা! মহারাষ্ট্রে ২৬৫ তালুকে খরা ঘোষণা, তামিলনাড়ুতে দীর্ঘমেয়াদি শুষ্কতা

মৌসুমি বৃষ্টির ঘাটতি, দীর্ঘায়িত শুষ্ক পর্ব এবং মাটির আর্দ্রতা কমে যাওয়ার প্রভাব দেশের কৃষিক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে। দক্ষিণ ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক। কোথাও ফসলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, কোথাও পিছিয়ে যাচ্ছে ধান রোপণ। আবার কোনো কোনো এলাকায় কৃষকেরা জলনির্ভর ধানের বদলে বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রের ২৬৫টি তালুককে খরাকবলিত ঘোষণা করল রাজ্য সরকার।

শনিবার মহারাষ্ট্র সরকার জানিয়েছে, নির্ধারিত খরা-সংক্রান্ত মাপকাঠি পূরণ করায় ২৬৫টি তালুকায় ‘ট্রিগার-১’ কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রশাসকদের ওই এলাকাগুলিতে ফসলের ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য পঞ্চনামা করার নির্দেশ দেওয়া হয়েছে। খরা ঘোষণার ফলে কৃষকদের জন্য একাধিক সরকারি সহায়তা ও ত্রাণমূলক ব্যবস্থা কার্যকর হবে। তবে মহারাষ্ট্রের পরিস্থিতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কেন্দ্রীয় ‘কৃষি ও কৃষক কল্যাণ দফতর’-এর ফসল পর্যবেক্ষণ এবং ‘মহালানোবিস ন্যাশনাল ক্রপ ফোরকাস্ট সেন্টার’-এর সাম্প্রতিক মূল্যায়নে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর একাধিক এলাকায় বৃষ্টির ঘাটতি, দীর্ঘ শুষ্ক পর্ব, মাটির আর্দ্রতা কমে যাওয়া আর ফসলের দুর্বল বৃদ্ধির ছবি উঠে এসেছে।

মহারাষ্ট্র সরকারের তিন-স্তরীয় খরা নির্ধারণ ব্যবস্থায় আবহাওয়াগত পরিস্থিতি-সহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। প্রাথমিক মূল্যায়নে ২৬৫টি তালুকা ‘ট্রিগার-১’-এর শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তার পরেই ওই এলাকাগুলিতে খরা ঘোষণা করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, রায়গড়ে একটি, রত্নাগিরিতে তিনটি, সিন্ধুদুর্গে আটটি, নাশিকে ১০টি, ধুলেতে চারটি, জলগাঁওয়ে ১৫টি, নন্দুরবারে ছয়টি এবং আহিল্যানগরে ১৪টি তালুক খরাকবলিত হয়েছে। পুণেতে আটটি, সোলাপুরে ১১টি, সাংলিতে চারটি, সাতারায় ছয়টি এবং কোলহাপুরে ছয়টি তালুকে একই ঘোষণা কার্যকর হয়েছে। মরাঠওয়াড়া ও বিদর্ভের ছবিও উদ্বেগজনক। ছত্রপতি সম্ভাজীনগরে ন’টি, জলনায় আটটি, বীডে ১১টি, লাতুরে ১০টি, ধারাশিভে আটটি, নান্দেড়ে ১৪টি, পরভানিতে ন’টি এবং হিঙ্গোলিতে পাঁচটি তালুক খরার আওতায় এসেছে। বুলঢানায় ১৩টি, অমরাবতীতে ১৪টি, আকোলায় সাতটি, ওয়াশিমে ছয়টি এবং ইয়বতমালে ১৬টি তালুকা খরাকবলিত ঘোষণা করা হয়েছে। ওয়ার্ধায় সাতটি, নাগপুরে ১৪টি, ভান্ডারায় তিনটি, গোন্ডিয়ায় একটি, চন্দ্রপুরে ১২টি এবং গড়চিরোলিতে দুটি তালুকেও খরা ঘোষণা করা হয়েছে।

খরা ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে কৃষকদের জন্য একাধিক সুবিধা কার্যকর করার কথা জানিয়েছে মহারাষ্ট্র সরকার। এর মধ্যে রয়েছে ভূমি রাজস্ব মকুব, কৃষিঋণের পুনর্গঠন এবং ফসলঋণ আদায়ে সাময়িক স্থগিতাদেশ। কৃষিকাজে ব্যবহৃত পাম্পের বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়া হবে। খরাকবলিত এলাকার ছাত্রছাত্রীদের স্কুল ও কলেজের ফি থেকেও অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানমূলক প্রকল্পের মাধ্যমে স্থানীয় ভাবে কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। জলাভাব দেখা দিলে প্রয়োজন অনুযায়ী পানীয় জল পৌঁছে দিতে ট্যাঙ্কার চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কৃষি পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ বন্ধ রাখা হবে না বলেও জানিয়েছে সরকার। কৃষক ও কৃষিশ্রমিকদের খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য জোগাতে খরাকবলিত এলাকায় পশুখাদ্য শিবির তৈরির পরিকল্পনা রয়েছে। জল ধরে রাখার পরিকাঠামো হিসেবে চেক ড্যাম তৈরির কাজও করা হবে। মানুষ ও পশুর জন্য পানীয় জলের জোগান নিশ্চিত করতে পৃথক পরিকল্পনা তৈরির কথাও বলা হয়েছে।

মহারাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ ভারতেও খরার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ১৯৭১ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫২ বছরের জলবায়ু তথ্য বিশ্লেষণ করে একটি সাম্প্রতিক গবেষণায় দক্ষিণ উপদ্বীপীয় ভারতে খরাকবলিত এলাকার দীর্ঘমেয়াদি বৃদ্ধির প্রবণতা ধরা পড়েছে। তামিলনাড়ুকে এই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য খরা-হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্লাইমেটোলজি’ -তে প্রকাশিত ওই গবেষণায় দৈনিক বৃষ্টিপাত ও তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ‘ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং’, ভারতীয় আবহাওয়া দফতর এবং আত্রিয়া ইউনিভার্সিটির গবেষকেরা খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি এবং দীর্ঘ শুষ্ক পর্ব-সহ একাধিক সূচক ব্যবহার করে ভারতের জলবায়ুগত চরম পরিস্থিতির একটি সংশোধিত সূচক তৈরি করেছেন।

গবেষণায় ‘স্ট্যান্ডার্ডাইজড প্রিসিপিটেশন-ইভাপোরেশন ইনডেক্স’ ( আদর্শায়িত অধঃক্ষেপণ-বাষ্পীভবন সূচক) ব্যবহার করা হয়েছে। এ সূচকে শুধু বৃষ্টিপাত নয়, বায়ুমণ্ডলের জলীয় চাহিদার বিষয়টিও বিবেচনায় রাখা হয়। গবেষকদের মতে, ২০০০ সালের পর দক্ষিণ উপদ্বীপীয় ভারতে খরাকবলিত এলাকার পরিমাণ বেড়েছে। কয়েকটি বছরে ওই অঞ্চলের ৪০ শতাংশেরও বেশি এলাকা খরার আওতায় ছিল। ২০১১ থেকে ২০২১-এর মধ্যে দক্ষিণ, মধ্য এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে প্রতি দশকে ২০ শতাংশের বেশি সময় খরা পরিস্থিতি দেখা গিয়েছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষণার সহ-লেখক এবং ভূবিজ্ঞান মন্ত্রকের প্রাক্তন সচিব এম রাজীবনের বক্তব্য, দেশের সবচেয়ে স্পষ্ট খরার প্রবণতা দক্ষিণ ভারতে দেখা যাচ্ছে। তামিলনাড়ু সেই অঞ্চলের মধ্যেই পড়ে এবং পূর্ব উপকূলেও রাজ্যটি অন্যতম উল্লেখযোগ্য খরা-প্রবণ এলাকা।গবেষণার আরেক প্রধান লেখক, বিজ্ঞানী থোটা মোহনের মতে, গত পাঁচ দশকে দক্ষিণ ভারতে খরার তীব্রতা অন্যান্য বহু জলবায়ুগত বিপদের তুলনায় বেশি বেড়েছে।

তামিলনাড়ুর সাম্প্রতিক ইতিহাসে ২০১৬ সালের পরিস্থিতি খরার সম্ভাব্য ভয়াবহতার একটি বড়ো উদাহরণ। সে বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টি হয়েছিল মাত্র ১৬৮.৩ মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যেখানে ৪৪০ মিলিমিটার, সেখানে ঘাটতি ছিল ৬২ শতাংশ।রাজ্যের ১৬,৬৮২টি রাজস্ব গ্রামের মধ্যে ১৩,৩০৫টি খরায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় তামিলনাড়ুর সব ৩২টি জেলাকেই খরাকবলিত ঘোষণা করেছিল রাজ্য সরকার। ‘এল নিনো’-র প্রভাব নিয়েও সতর্কতা রয়েছে। তামিলনাড়ু সরকারের সাম্প্রতিক প্রস্তুতি মূল্যায়নে খরা, জলাভাব এবং জলাধারে কম জলপ্রবাহকে নজরদারির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ‘এল নিনো’-র বছরে পরিস্থিতি সব সময় একই রকম হয় না। ১৯৯৭ সালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টি স্বাভাবিকের তুলনায় ৫২ শতাংশ বেশি হয়েছিল। আবার ২০১৫-১৬ সালের ‘এল নিনো’ চক্রের পর ২০১৬ সালে দেখা দিয়েছিল ভয়াবহ খরা। ফলে, জলবায়ু পরামর্শদাতা কমিটি জল-সংকট ও খরার ঝুঁকি ২০২৭ সাল পর্যন্ত থাকার সম্ভাবনার কথা তুলে ধরে কৃষিপদ্ধতিতে পরিবর্তনের সুপারিশ করেছে। কমিটির পরামর্শ, কম জল প্রয়োজন এমন স্বল্পমেয়াদি এবং তাপ ও খরা-সহনশীল ফসলের জাতকে উৎসাহ দিতে হবে। জলনির্ভর ফসলের চাষ কমাতে ঝুঁকিপূর্ণ এলাকায় লক্ষ্যভিত্তিক প্রণোদনার ব্যবস্থাও করার কথা বলা হয়েছে।

২১ সেপ্টেম্বরের ‘ক্রপ ওয়েদার ওয়াচ গ্রুপ’-এর বৈঠকের জন্য তৈরি ‘এনসিএফসি’-এর নথিতেও দেশের বিভিন্ন অংশে দীর্ঘ শুষ্ক পর্বের বিষয়টি উঠে এসেছে। ১ জুন থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম ছিল। ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু এলাকায় টানা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত শুষ্ক সময়ের সন্ধান মিলেছে। ‘এনসিএফসি’-এর সংজ্ঞা অনুযায়ী, ২৫ কিলোমিটার গ্রিডে কোনও দিনে ২.৫ মিলিমিটারের কম বৃষ্টি হলে সেটিকে শুষ্ক দিন হিসেবে গণ্য করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেও রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের বিভিন্ন অংশে প্রায় দু’সপ্তাহের শুষ্ক পর্বের তথ্য পাওয়া গিয়েছে। অর্থাৎ, বর্ষা বিদায়ের সময়েও বেশ কিছু কৃষিপ্রধান এলাকায় বৃষ্টির মধ্যে ব্যবধান অস্বাভাবিক ভাবে বেড়েছে।

বৃষ্টির ঘাটতির প্রভাব মাটির আর্দ্রতায়ও পড়েছে। ‘এসএমএপি’ স্যাটেলাইটের রুট জোন সয়েল ময়েশ্চার (বা শিকড় অঞ্চলের মাটির আর্দ্রতা) তথ্য ব্যবহার করে ১৭ সেপ্টেম্বরের পরিস্থিতির সঙ্গে ২০১৬ থেকে ২০২৫ সালের ১০ বছরের গড়ের তুলনা করা হয়েছে। ছত্তিশগঢড়, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং নাগাল্যান্ডের কিছু অংশে মাটির আর্দ্রতা গড়ের সমান বা বেশি ছিল। কিন্তু কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাত, পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর বিহারের কিছু অংশে মাটির আর্দ্রতা ১০ বছরের গড়ের নিচে নেমেছে। জলাধারের পরিস্থিতিও সব জায়গায় স্বস্তিদায়ক নয়। কেন্দ্রীয় জল কমিশনের সাপ্তাহিক রিপোর্টের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮টি বড় জলাধারের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পশ্চিম ও দক্ষিণ ভারতের কয়েকটি জলাধারে জলসঞ্চয়ের ঘাটতির কথাও উঠে এসেছে।

ফসলের স্বাস্থ্য ও উদ্ভিদের সক্রিয়তা বোঝার জন্য ‘এনডিভিআই’ ও ‘এলএসডব্লিউআই’-এর মতো উপগ্রহ-নির্ভর সূচক ব্যবহার করেছে ‘এনসিএফসি’।  ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রাজস্থান, গুজরাত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশে ‘এনডিভিআই’ গত বছরের একই সময় এবং ২০২১-২৫ সালের গড়—দুইয়ের তুলনাতেই কম ছিল। সাধারণ ভাবে ‘এনডিভিআই’-এর মান বেশি হলে এলাকায় সবুজ উদ্ভিদের ঘনত্ব ও সক্রিয় বৃদ্ধি বেশি রয়েছে বলে ধরা হয়। ফলে এই সূচকে পতন ফসল ও উদ্ভিদের দুর্বল বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে।  ‘এলএসডব্লিউআই’-তেও রাজস্থান, গুজরাত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু এলাকায় গত বছর ও পাঁচ বছরের গড়ের তুলনায় দুর্বলতা দেখা গিয়েছে। মহারাষ্ট্র এবং তেলঙ্গানার কিছু এলাকাতেও পাঁচ বছরের গড়ের তুলনায় পরিস্থিতি দুর্বল ছিল। রাজস্থানের জয়সলমির, বিকানের ও বারমের এবং গুজরাতের কচ্ছের কিছু এলাকায় ‘এনডিভিআই’  ৩০ শতাংশেরও বেশি কমেছে। তবে এ তথ্যকে সরাসরি খরার প্রমাণ হিসেবে দেখার ক্ষেত্রে সতর্ক করেছে ‘এনসিএফসি’।

বৃষ্টির অনিয়ম, দীর্ঘমেয়াদি শুষ্কতার প্রভাব সবচেয়ে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ধান রোপণের ক্ষেত্রে। স্যাটেলাইট রাডারের সাহায্যে ধান রোপণের সময় এবং এলাকা গত বছরের সঙ্গে তুলনা করা হয়েছে। মধ্যপ্রদেশের শেওপুর, দাতিয়া, ভিন্ড ও রেওয়ায় গত বছরের তুলনায় ধানের এলাকা কম দেখা গিয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসি, জালাউন ও হামিরপুরে ফসলের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ধানের বদলে অন্য ফসলের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গে আগস্টের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ধান রোপণের সামগ্রিক ছবি গত বছরের কাছাকাছি থাকলেও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে রোপণ পিছিয়েছে। ঝাড়খণ্ডেও গত বছরের তুলনায় ধান রোপণ কম। গিরিডিহ, দেওঘর, পালামু, চতরা এবং গড়ওয়া-সহ উত্তরাঞ্চলের জেলাগুলিতে ধানের এলাকা গত বছরের তুলনায় কম হলেও ২০২৩ সালের তুলনায় পরিস্থিতি কিছুটা ভাল। বিহারেরও কয়েকটি এলাকায় ধান রোপণে বিলম্ব হয়েছে। গয়া, ঔরঙ্গাবাদ, জামুই ও নওয়াদার মতো দক্ষিণের জেলাগুলিতে ধানের এলাকা গত বছরের তুলনায় সামান্য কম। উত্তর বিহারে অবশ্য পরিস্থিতি গত বছরের সমান বা কিছুটা ভালো।

তবে দেশের সর্বত্র যে একই রকম পরিস্থিতি, তা নয়। ‘এনসিএফসি’-র মূল্যায়নে পশ্চিম ভারতের রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও তামিলনাড়ুর কিছু এলাকায় একাধিক সূচকে দুর্বলতা ধরা পড়েছে। অন্যদিকে, পূর্ব ও উত্তর ভারতের বহু এলাকায় মাটির আর্দ্রতা তুলনামূলক ভাল। কয়েকটি রাজ্যে ধান রোপণের পরিস্থিতিও গত বছরের কাছাকাছি বা তার চেয়ে ভাল। এ পার্থক্যের পিছনে সেচ ব্যবস্থার ভূমিকা রয়েছে বলে মূল্যায়নে ইঙ্গিত মিলেছে। রাজস্থান ও গুজরাতের মতো রাজ্য এবং দক্ষিণ ভারতের বহু অভ্যন্তরীণ জেলায় কৃষির বড় অংশ এখনও মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। এমন বহু এলাকায় সেচযুক্ত জমির পরিমাণ ২৫ শতাংশেরও কম। তুলনায় পূর্ব, উত্তর এবং মধ্য ভারতের অপেক্ষাকৃত বেশি সেচ-নির্ভর কৃষি অঞ্চলগুলি বৃষ্টির ঘাটতির অভিঘাত কিছুটা ভাল ভাবে সামলাতে পেরেছে।

ফলে, সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এ বারের সমস্যা শুধু মোট বৃষ্টিপাত কম হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বৃষ্টির পরিমাণের পাশাপাশি বৃষ্টিপাতের মধ্যবর্তী দীর্ঘ ব্যবধানও কৃষির উপর চাপ বাড়িয়েছে। দীর্ঘ শুষ্ক পর্বে মাটির আর্দ্রতা কমেছে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়েছে, ফসলের স্বাভাবিক বিকাশে প্রভাব পড়েছে। কোথাও ধান রোপণ পিছিয়েছে, কোথাও কৃষকেরা বিকল্প ফসল বেছে নিতে বাধ্য হয়েছেন। দেশ থেকে বর্ষা এখন বিদায়ের পথে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেশের একাধিক কৃষি অঞ্চলে জল-নিরাপত্তা ও ফসলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। মহারাষ্ট্রে ২৬৫টি তালুকে খরা ঘোষণা এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে দীর্ঘমেয়াদি খরার প্রবণতা — দুই ঘটনাই সেই বৃহত্তর ছবির দিকে ইঙ্গিত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!