Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৯, ২০২৬

জ্বালানি সঙ্কটে স্বস্তি! দেশে স্থিতিশীল এলপিজি সরবরাহ, শিল্পক্ষেত্রেও বরাদ্দ বাড়ল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্বালানি সঙ্কটে স্বস্তি! দেশে স্থিতিশীল এলপিজি সরবরাহ, শিল্পক্ষেত্রেও বরাদ্দ বাড়ল কেন্দ্র

বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট ও সরবরাহ ব্যাহত হওয়ার পরিস্থিতির মধ্যেও ভারতে ডোমেস্টিক এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কঠিন আন্তর্জাতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে দেশে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সক্ষম হয়েছে।

ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশই আমদানিনির্ভর, যার বড়ো অংশ আসে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে। সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতার কারণে এই সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হওয়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান শুরু করে। একই সঙ্গে দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়। এর ফলে সামগ্রিক সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে ১৮ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। প্রতিদিন গড়ে ৬০ লক্ষের বেশি সিলিন্ডার বিতরণ করা হচ্ছে এবং গ্রাহকদের কাছে ডেলিভারির সময়সীমা প্রায় তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে—দেশীয় উৎপাদন বৃদ্ধি, একাধিক দেশ থেকে আমদানি সম্প্রসারণ এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষ ব্যবস্থাপনা তার মধ্যে উল্লেখযোগ্য।

এদিকে, পলিমার, ইস্পাত, ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রের জন্য নির্দিষ্ট সীমার মধ্যে বাণিজ্যিক এলপিজি সরবরাহে ছাড়পত্র দিয়েছে সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইরান বনাম ইউএস–ইজ়রায়েল সংঘাতের আগে শিল্পকারখানাগুলি যে পরিমাণ এলপিজি ব্যবহার করত, বর্তমানে তারা তার ৭০ শতাংশ পর্যন্ত পাবে। একই সঙ্গে প্রতিটি শিল্পক্ষেত্রের জন্য দৈনিক সর্বোচ্চ ২০০ টন এলপিজি সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তল জানিয়েছেন, ওষুধ, খাদ্য, পলিমার, কৃষি, প্যাকেজিং, রং, ইউরেনিয়াম, হেভি ওয়াটার এবং ইস্পাত শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৬ সালের মার্চের আগে ব্যবহৃত বাল্ক নন-ডোমেস্টিক এলপিজির ৭০ শতাংশ সরবরাহ করা হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব শিল্পে বিশেষ উৎপাদন প্রক্রিয়ার জন্য এলপিজি অপরিহার্য, সেসব ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। সার্বিকভাবে, আন্তর্জাতিক সঙ্কট সত্ত্বেও কেন্দ্রের সময়োচিত পদক্ষেপে দেশে এলপিজি সরবরাহ এবং শিল্প উৎপাদনে স্থিতিশীলতা বজায় রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!