- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ১২, ২০২৫
ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের সংবাদপত্র, গ্যাস, জল বন্ধ পাকিস্তানের, পাল্টা পদক্ষেপ দিল্লিরও
অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তানে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। ভারতীয় হাই কমিশন এবং কূটনীতিকদের বাসভবনে সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে।
দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরপরই ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের ওপর নজরদারি বাড়িয়ে দেয় পাকিস্তান। এই নজরদারির মধ্যে রয়েছে ভারতীয় কূটনৈতিক বাসস্থান এবং অফিস। অনুমতি ছাড়াই পাকিস্তানের সেনা কর্তারা এইসব জায়গায় প্রবেশ করেন। পাকিস্তান সেনা কর্তাদের এই পদক্ষেপ ভারতীয় কূটনৈতিক কর্মীদের ভয় দেখানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। এই পদক্ষেপগুলি কূটনৈতিক সম্পর্কের ওপর ভিয়েনা কনভেনশনের নীতি লঙ্ঘন করে। ভিয়েনা কনভেশনে স্পষ্টভাবে কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদার কথা বলা হয়েছিল।
শুধু অনুমতি ছাড়াই ভারতীয় কূটনীতিকদের বাসভবন ও অফিসে প্রবেশ নয়, গ্যাস এবং জলের মতো মৌলিক সুযোগ–সুবিধার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় বিক্রেতাদের নির্দেশ দিয়েছে, ভারতীয় কর্তাদের সঙ্গে সহযোগিতা না করার জন্য। স্থানীয় গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের ভারতীয় কর্মীদের গ্যাস সরবরাহ না করার কথা বলেছে। এমনকী, জল না দেওয়ারক কথাও বলেছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তখনও একইরকম কান্ড ঘটিয়েছিল পাকিস্তান। সেই সময়েও ভারতীয় কূটনীতিকদের একইভাবে হয়রানি করা হয়েছিল।
ভারতও পাল্টা হিসেবে দিল্লিতে পাকিস্তান কূটনীতিকদের বাসভবন ও অফিসে সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে গ্যাস ও জলের মতো মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করেনি।
❤ Support Us







