- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৩
শীঘ্রই ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি, তৈরী হবে জ্বালানি তেল শোধনাগার
রাষ্ট্রীয় অতিথি হিসেবে সোমবার পুরোটা দিন দিল্লিতে ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে পারস্পরিক বোঝাপড়া নিয়ে আলোচনা হয়। বাণিজ্য থেকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে।
মহম্মদ বিন সলমন জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহেই ভারতে এসেছিলেন। এদিকে তিনি ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথিও ছিলেন। এই আবহে রবিবার জি২০ সম্মেলন শেষ হয়ে গেলেও ভারতে ছিলেন তিনি। সোমবার আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় মহম্মদ বিন সলমনকে। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে হয় সেই অনুষ্ঠান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সলমন।
সোমবারের বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, “ভারতের কৌশলগত পার্টনারদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সৌদি আরব। বিশ্বের অন্যতম বৃহৎ এবং দ্রুতগামী অর্থনীতি ভারত ও সৌদি। তাই এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই দেশ মিলে ঐতিহাসিক ভাবে অর্থনৈতিক করিডোরের সূচনা করেছি।”
বৈঠক শেষে সৌদি যুবরাজ সলমন বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যকার এই অর্থনৈতিক করিডরকে বাস্তবায়িত করব। আমরা ভবিষ্যতের সুযোগের লক্ষ্যে এখন কাজ করছি।”
এদিকে জানা গিয়েছে, ভারত ও সৌদি একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। আগামীতে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। সেই বিনিয়োগকে সঠিক পথ দেখাতেই এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন হয়েছে।
❤ Support Us






