Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৯, ২০২৫

এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিতে চলেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টা মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী জুনে শ্রীলঙ্কায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

কেন এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল ভারত? ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটকে কোণঠাসা করার লক্ষ্যেই ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, “ভারতীয় দল এই ধরনের টুর্নামেন্টে খেলবে না, যার আয়োজক এসিসি এবং সেই কমিটির প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে গোটা দেশের আবেগ জড়িয়ে। আসন্ন মহিলা ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি ভবিষ্যতে এসিসি-র টুর্নামেন্টে না খেলার ব্যাপারে আমরা এসিসি-কে মৌখিকভাবে জানিয়েছি।”

এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এসিসি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালে ভারত এশিয়া কাপে অংশ নেবে কি না, সে ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গতবছর এপ্রিলে শ্রীলঙ্কার শাম্মি সিলভার জায়গায় এসিসি-র প্রেসিডেন্ট হন নাকভি। বর্তমানে এই সংস্থার কার্য নির্বাহী কমিটিতে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন অরুণ ধুমাল, যিনি আবার আইপিএল চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয় বড় ক্ষতির মুখে পড়বে এসিসি। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচের উপরই নির্ভর করে এসিসি-র আর্থিক লাভের বিষয়টি। লাভের কথা মাথায় রেখেই এসিসি ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখে। ভারত না খেললে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কমে যাবে। এবার পুরুষদের এশিয়া কাপ ভারতেই হওয়ার কথা ছিল। ভারত না খেললে ৭ দল নিয়ে টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কায়।

ভারত না খেললে সম্প্রচারকারী সংস্থা এশিয়া কাপ সম্প্রচারে কী ভূমিকা নেয়, এখন সেটাই দেখার। আগামী ৪ বছরের জন্য এসিসি এর মধ্যে ১৭ কোটি মার্কিন ডলারে সম্প্রচারস্বত্ব সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে বিক্রি করেছে।

স্বত্ব বিক্রির সময় একটি অনানুষ্ঠানিক সমঝোতাও হয়েছিল যে, প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকবে। দল দুটি যদি ফাইনালে ওঠে, তাহলে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু ভারত না খেললে সনি স্পোর্টস নেটওয়ার্ক স্বাভাবিকভাবেই এসিসিকে বিপুল অর্থ দিতে অস্বীকৃতি জানাবে। এতে ক্ষতির মুখে পড়বে সংস্থাটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!