Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৩

টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ২১ রানে হারাল নিউজিল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ২১ রানে হারাল নিউজিল্যান্ড

একদিনের সিরিজে দুরন্ত জয়ের পর টি২০ সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম টি২০ ম্যাচেই ২১ রানে হারতে হল হার্দিক পান্ডিয়ার দলকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল কিউয়িরা। জবাবে ২০ ওভারে ভারত তোলে ১৫৫/‌৫।

এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। ৪ ওভারে ওঠে ৪০। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফিন অ্যালেনকে (‌২৩ বলে ৩৫) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর।‌। শেষ বলে ফেরান চ্যাপম্যানকে (‌০)‌। ৫ ওভারের মধ্যে ৪৩ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দলকে টেনে নিয়ে যান ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। এই জুটিই নিউজিল্যান্ডকে ১০০ রানের গন্ডি পার করে দেয়।

১৩ তম ওভারের পঞ্চম বলে গ্লেন ফিলিপসকে (‌২২ বলে ১৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। কনওয়ে ও ড্যারিল মিচেলের জুটি বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। অর্শদীপ এসে কনওয়েকে তুলে নেন। ৩৫ বলে ৫২ রান করে আউট হন কনওয়ে। এরপর মাইকেল ব্রেসওয়েল (‌১)‌ ও মিচেল স্যান্টনারকে (‌৭)‌ দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৯ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ১৪৯/‌৬। অর্শদীপ সিং শেষ ওভারে দেন ২৭ রান। যার ফলে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড পৌঁছে যায় ১৭৬/‌৬ রানে। শেষ ওভারে ঝড় তোলেন ড্যারিল মিচেলের। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মিচেল। ভারতের মধ্যে সফল বোলার ওয়াশিংটন সুন্দর। ২২ রানে ২ উইকেট নেন তিনি।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় ওভারেই মাইকেল ব্রেসওয়েলের স্পিনে পরাস্ত হয়ে বোল্ড হন ঈশান কিশান (‌৪)‌। পরের ওভারে রাহুল ত্রিপাঠিকে (‌০)‌ তুলে নেন জ্যাকব ডাফি। ভারতীয় ইনিংসে সবথেকে বড় ধাক্কা দেন মিচেল স্যান্টনার। একদিনের সিরিজে দুরন্ত ছন্দে থাকা শুভমান গিলকে (‌৭)‌ তুলে নেন। ৩.‌১ ওভারে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জুটিতে ওঠে ৬৮।

একাদশতম ওভারের চতুর্থ বলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা সূর্যকুমারকে (‌৩৪ বলে ৪৭)‌ ফিরিয়ে জুটি ভাঙেন ইস সোধি। পরের ওভারে হার্দিককে (‌২০ বলে ২১)‌ তুলে নিয়ে ভারতের জয়ের সম্ভাবনা শেষ করে দেন মাইকেল ব্রেসওয়েল। দীপক হুডা করেন ১০। ২০ ওভারে ভারত তোলে ১৫৫/‌৫। ওয়াশিংটন সুন্দর ২৮ বলে ৫০ রান করে আউট হন। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১টি মেডেনসহ ১১ রানে ২ উইকেট তুলে নেন স্যান্টনার। ব্রেসওয়েল ৩১ রানে নেন ২ উইকেট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!