Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৭, ২০২৫

অস্কারের দৌড়ে ‘হোমবাউন্ড’!

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্কারের দৌড়ে ‘হোমবাউন্ড’!

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের যাত্রা আরও এক কদম এগোল। পরিচালক নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ জায়গা করে নিল একাডেমি পুরস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের শর্টলিস্টে। প্রাথমিক ভোটপর্ব পেরিয়ে বিশ্বের ৮৬টি দেশের ছবির মধ্য থেকে নির্বাচিত সেরা ১৫টি ছবির তালিকায় ঠাঁই পেয়েছে এই ছবি। ফলে অস্কার ২০২৬–এর চূড়ান্ত মনোনয়নের দৌড়ে ভারতের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে ‘হোমবাউন্ড’-এর সম্ভাবনা যে আরও দৃঢ় হল, তা বলাই বাহুল্য।

১৬ ডিসেম্বর একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভিন্ন বিভাগের প্রাথমিক তালিকা প্রকাশ করে। সে ঘোষণায় জানানো হয়, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শর্টলিস্টে থাকা প্রতিটি ছবিই পরবর্তী ধাপের ভোটের আগে সম্পূর্ণভাবে দেখতে হবে একাডেমির সদস্যদের। ভোটের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে চূড়ান্ত মনোনীত ছবিগুলির নাম। আগামী ২২ জানুয়ারি সেই তালিকা প্রকাশ হওয়ার কথা, আর ৯৮তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয়েছে ২০২৬ সালের ১৫ মার্চ।

আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে ইতিমধ্যেই ‘হোমবাউন্ড’ ইতিমধ্যেই বিশেষ আলোচনার কেন্দ্রে। চলতি বছর ছবিটির প্রথম প্রদর্শনী হয় ‘কান’ চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্টেন রিগার্ড’ বিভাগে। সেখান থেকে ছবিটি পৌঁছয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পায় ছবিটি। সে উৎসবেই আন্তর্জাতিক দর্শক পছন্দ পুরস্কারে দ্বিতীয় রানার্স-আপ হওয়ার সম্মান পায় ‘হোমবাউন্ড’। একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতির পর অস্কারের শর্টলিস্টে জায়গা করে নেওয়া ছবিটির যাত্রাপথকে নিঃসন্দেহে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। করন জোহর প্রযোজিত এই ছবির সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’। সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তারা জানায়, ৯৮তম একাডেমি পুরস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শর্টলিস্টে জায়গা পাওয়ায় তারা কৃতজ্ঞ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে যে ভালোবাসা ও সমর্থন মিলেছে, তাতে তারা আপ্লুত। একই সঙ্গে করন জোহর নিজেও আবেগঘন ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, এ যাত্রা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো এবং নীরজ ঘায়ওয়ান তাঁদের সকলের বহু স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছেন।

‘হোমবাউন্ড’-এর কাহিনি আবর্তিত হয়েছে শৈশবের দুই বন্ধু শোয়েব ও চন্দনকে ঘিরে। দু-জনেরই স্বপ্ন এক— পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এবং সম্মানজনক জীবন গড়ে তোলা। কিন্তু সে স্বপ্নপূরণের পথে সমাজের নানা বাধা, দায়িত্ব ও বাস্তবতার কঠোর মুখোমুখি হতে হয় তাদের। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব, বিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনায় যে পরিবর্তন আসে, সেটাই ছবির মূল আবেগ। শোয়েবের চরিত্রে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং চন্দনের ভূমিকায় বিশাল জেঠওয়া। ছবিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে রয়েছেন জাহ্নবী কাপুর, যাঁর উপস্থিতি গল্পের আবেগ ও গভীরতাকে আরও তীব্র করে তুলেছে। ছবির প্রযোজক হিসেবে করন জোহরের পাশাপাশি রয়েছেন আদর পুনাওয়ালা ও অপূর্ব মেহতা। সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন মারিজ ডি’সুজা এবং মেলিটা তোসকান দু প্লঁতিয়ে। উল্লেখযোগ্য বিষয়, ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন হলিউডের কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেজে এবং প্রবীণ খৈরনার, যা আন্তর্জাতিক মঞ্চে ছবিটির গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এবার আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘হোমবাউন্ড’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন, ফিলিস্তিন, সুইৎজারল্যান্ড ও তিউনিসিয়ার মতো দেশের আলোচিত ছবি। এমন কঠিন প্রতিযোগিতার মধ্যেও ভারতীয় ছবির আলোকোজ্জ্বল সাফল্য নিঃসন্দেহে গর্বের। অস্কারের ইতিহাসে ভারতীয় ছবির সংখ্যা বরাবরই সীমিত। সেই প্রেক্ষিতে ‘হোমবাউন্ড’-এর শর্টলিস্টে পৌঁছনো শুধু একটি ছবির সাফল্য নয়, বরং সমগ্র ভারতীয় সিনেমার জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। এখন দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের নজর ২২ জানুয়ারির দিকে। সেদিনই জানা যাবে, অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারে কি না নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’, সে অপেক্ষাতেই প্রহর গুনছেন ভারতীয় সিনেপ্রেমীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!