- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৩, ২০২৬
স্বাস্থ্যঝুঁকিতে ভারতের স্বচ্ছতম শহর! ইন্দোরে দূষিত জল খেয়ে ফের অসুস্থ ২২ জন, হাসপাতালে ভর্তি ৯
মধ্যপ্রদেশের ইন্দোরে আবারো জলবাহিত রোগের আতঙ্ক। শহরের মহৌ এলাকায় দূষিত পানীয় জল খেয়ে কমপক্ষে ২২ জন অসুস্থ। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকি ১৩ জনকে বাড়িতেই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, পানীয় জলে দূষণ থাকার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কয়েক সপ্তাহ আগেই শহরের বিভিন্ন এলাকায় দূষিত জল খেয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। তবে স্থানীয়রা বলছেন, বমি, ডায়রিয়া ও কাশির উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫-এর কাছাকাছি। সে ঘটনায় ইতিমধ্যেই মধ্যপ্রদেশ হাইকোর্টের নজর পড়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, জলদূষণ রোধে প্রশাসনকে ‘কার্যকর ব্যবস্থা’ নিতে হবে।দু-সপ্তাহের মধ্যে রাজ্যে একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো। বৃহস্পতিবার রাত থেকেই জেলা শাসক শিবম ভার্মা হাসপাতাল গিয়ে রোগীদের সঙ্গে দেখা করেছেন। শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য দফরের একাধিক দল আক্রান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন এবং নতুন করে কারোর অসুস্থতা ধরা পড়লে, সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরের বন্দোবস্ত করছেন।
ওয়াকিবহাল মহলের মতে, মধ্যপ্রদেশের জল সরবরাহের বাস্তব চিত্র ভীষণ উদ্বেগজনক। সরকারি রিপোর্ট অনুযায়ী, জেলায় ১০০ শতাংশ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে জল সংযুক্ত করা হলেও, নিরাপদ পানীয় জল পাচ্ছে মাত্র ৩৩ শতাংশ পরিবার। রাজ্যজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ জল নমুনা মান পরীক্ষাতে ফেল করেছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই পরিস্থিতিকে ‘সিস্টেম-জনিত বিপর্যয়’ হিসেবে চিহ্নিত করেছে এবং জলমান উন্নয়ন না হলে বরাদ্দ কমানোর হুঁশিয়ারি দিয়েছে। নতুন করে অসুস্থতার খবর সামনে আসতেই, উদ্বিগ্ন ইন্দোরের বাসিন্দারা। অসুস্থ ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। প্রশাসন জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে ঘটনা ঘটার পর পদক্ষেপ যাই নেওয়া হোক না কেন, বিশেষজ্ঞরা বলছেন ইন্দোরের এই পুনরাবৃত্ত জলদূষণ প্রশাসনিক ঘাটতি এবং স্বাস্থ্যঝুঁকির ছবিই তুলে ধরেছে। সরকারি রেকর্ডের সঙ্গে বাস্তবতার ব্যবধানও চরম উদ্বেগজনক।
❤ Support Us





