Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৩, ২০২৫

মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ, পরিবেশবান্ধব সামগ্রী তৈরির প্রশিক্ষণ পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ, পরিবেশবান্ধব সামগ্রী তৈরির প্রশিক্ষণ পূর্বস্থলীতে

পরিবেশবান্ধব সামগ্রীতে সেজে উঠুক ঘরকন্না। সেই লক্ষ্যে পাটের তৈরি পণ্যসামগ্রী তৈরির প্রশিক্ষণ শুরু করল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের অধীন ন্যাশনাল জুট বোর্ড। প্রশিক্ষণ পর্বের শেষে বিভিন্ন সামগ্রী তৈরি করে বিপণনের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতাও গড়ে উঠবে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। পূর্বস্থলীর পারুলিয়া তেলেনিওপাড়াতে শুরু হয়েছে প্রশিক্ষণ। জানা গেল, প্রশিক্ষণটি তিনটি পর্বে হবে। প্রথম ১৪ দিন বেসিক প্রোগ্রাম। পরের ৭ দিন অ্যাডভান্স প্রোগ্রাম, বাকি ২ সপ্তাহে ডিজাইনের প্রোগ্রাম হবে। পাটের তৈরি টেবিল ক্লথ, পেনদানি, ব্যাগ, চাবির রিং, পুতুল, কচ্ছপ, ডেকরেশন আইটেম ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ২০ জন মহিলা অংশগ্রহণ করেছেন।

ন্যাশনাল জুট বোর্ডের ডিজাইনার ও মাস্টার ট্রেনার সোনেলা চট্টোপাধ্যায় বলেন, ‘পাটকে কীভাবে বিভিন্ন জিনিস তৈরির উপযোগী করে তোলা হয় বেসিক প্রোগ্রামে সেই পদ্ধতি শেখানো হচ্ছে। মহিলাদের স্বনির্ভর করতে ও দূষণমুক্ত পরিবেশ গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল লক্ষ্য এই প্রশিক্ষণ শেষে তাঁরা যাতে দু’পয়সা রোজগার করতে পারেন।’ স্থানীয় বিভিন্ন মেলা ও ন্যাশনাল জুট বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত মেলায় প্রশিক্ষণপ্রাপ্তরা তাঁদের তৈরি পণ্য বিক্রি করার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!