- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৮, ২০২৫
অঙ্গনওয়াড়িতে পোকা ধরা চাল, তদন্ত শুরু কালনায়
পোকা ধরা, নিম্নমানের চাল দিয়ে রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছে কচিকাঁচা শিশুদের পাতে। শুধু তাই নয়। সেই খাবার ভালো করে সিদ্ধও হয় না। নাই কোনও স্বাদ। তাই বাচ্ছারাও খেতে চায়না। রুচিতে বাধে। অভিভাবকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ পেয়ে কালনার বাঘনাপাড়ার পূর্বপাড়া এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হতবাক হলেন প্রধান-উপপ্রধানরা। ক্ষোভ উগরে দিয়ে সমস্যা সমাধানের দাবি তোলেন অভিভাবকরা।
পঞ্চায়েত কর্তৃপক্ষ এরপরেই ছবি তুলে বিষয়টি কালনা ১নং ব্লক প্রশাসনকে জানান। পাঠানো হয় সেই নিম্নমানের চালের নমুনাও।
পঞ্চায়েত প্রধান সাথী শেখ বলেন, ‘অভিভাবকরা শিশুদের খাবার নিয়ে নিম্নমানের অভিযোগ তুলেছেন। গিয়ে দেখি, কালো, পোকা ধরা চাল দিয়ে তৈরি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। যা শিশুদের খাওয়ার অযোগ্য। সেই চালের নমুনা বিডিওকে ছবি করে পাঠানো হয়েছে।’ সিডিপিও প্রতিভা বিশ্বাস বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুপারভাইজার লিখিতভাবে জানিয়েছেন, যে চাল অফিস থেকে পাঠানো হয়েছিল, সেই চাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন ছিল না। পরিবর্তে অন্য চাল ছিল। নিম্নমানের ওই চাল ওখানে কীভাবে এল তার জবাব চেয়ে সহায়িকা জ্যোৎস্না ঘরুই ও কর্মী মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়েছে।
❤ Support Us






