Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসে জুড়ল অত্যাধুনিক কোচ

আরম্ভ ওয়েব ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসে জুড়ল অত্যাধুনিক কোচ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের। বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে পুরোনো আইসিএফ কোচের পরিবর্তে সংযোজিত হল অত্যাধুনিক জার্মান প্রযুক্তির এলএইচবি কোচ। মঙ্গলবার সকালে নতুন কোচ লাগানো এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল ৫টা ৪৫ মিনিটে সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কিরেন্দ্র নাড়া।

নতুন রূপে তেভাগা এক্সপ্রেসে যুক্ত হয়েছে মোট ২২টি অত্যাধুনিক এলএইচবি কোচ। এতদিন এই ট্রেনে ২৪টি পুরোনো আইসিএফ কোচ চলাচল করত। কোচের সংখ্যা কমলেও যাত্রী আসনের মোট সংখ্যা অপরিবর্তিত থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ নভেম্বর বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। এর ফলে বালুরঘাটের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। সপ্তাহে ছয় দিন, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা ৪৫ মিনিটে ট্রেনটি বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, শনিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন দুপুর ১২টা ৫৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে বালুরঘাটের দিকে যাত্রা করে এই ট্রেন।

আইসিএফ (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) কোচ ভারতে তৈরি পুরোনো ধাঁচের রেল কোচ, যার উৎপাদন শুরু হয়েছিল ১৯৫০-এর দশকে চেন্নাইয়ে। এই কোচগুলির সুরক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি তুলনামূলকভাবে কম উন্নত এবং সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। অন্যদিকে, এলএইচবি (লিঙ্কে হফম্যান বুশ) কোচ জার্মান প্রযুক্তিতে নির্মিত, যেখানে উন্নত সুরক্ষা ব্যবস্থা, ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতা রয়েছে।

দীর্ঘদিন ধরে পুরোনো কোচ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও নানা অভিযোগ ছিল। অবশেষে সব কোচ বদলে যাওয়ায় খুশি জেলার সাধারণ মানুষ ও নিয়মিত যাত্রীরা। উদ্বোধনের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “নতুন এলএইচবি কোচ আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত, নিরাপদ এবং যাত্রীদের জন্য আরামদায়ক। এটি এই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।”

নতুন কোচ সংযোজনের মাধ্যমে বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে যাত্রা এবার আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হল—এমনটাই মত যাত্রীদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!