- এই মুহূর্তে দে । শ
- জুন ১৮, ২০২৬
যোগ দিবসে রেড রোডেই অনুষ্ঠান, হাইকোর্টের হস্তক্ষেপ নয়; ২১ জুনের পরই খুলতে হবে রাস্তা
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান । এই কর্মসূচির জন্য রেড রোড বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট । ফলে নির্ধারিত সূচি অনুযায়ী রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে আর কোনও আইনি বাধা রইল না ।
তবে আদালত জনস্বার্থের কথা মাথায় রেখে কলকাতা পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে । পাশাপাশি, ২১ জুনের অনুষ্ঠান শেষ হওয়ার পর রেড রোড দ্রুত স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । এত দিন ধরে রাস্তা বন্ধ রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে হলফনামা জমা দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ।
উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশ ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোড বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বুধবার কলকাতা হাই কোর্টে আবেদন জানায় আইনজীবীদের একটি সংগঠন । তাদের অভিযোগ ছিল, টানা সাত দিন রেড রোড বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। তাই পুরো রাস্তা বন্ধ না রেখে নিয়ন্ত্রিতভাবে যান চলাচলের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয় আদালতের কাছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিলেও আপাতত কোনও স্থগিতাদেশ জারি করেননি । ফলে সরকারি নির্দেশিকাই বহাল থাকছে ।
এবারের যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও । অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ প্রস্তুতির কাজ শুরু হয়েছে ।
নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের স্বার্থে কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালি মোড় এবং সেন্ট জর্জেস গেট রোড হয়ে দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। যোগ দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় পণ্যবাহী যানবাহনের প্রবেশও নিষিদ্ধ থাকবে ।
এছাড়া স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিটগামী রাস্তা, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী জিসি অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের উভয় লেনেও পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ।
ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ডালহৌসি ও হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড ও এজেসি বোস রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও মেয়ো রোড ব্যবহার করতে বলা হবে । অন্যদিকে দক্ষিণমুখী যানবাহন রেড রোড এড়িয়ে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন রোড দিয়ে চলাচল করবে । পরিস্থিতি অনুযায়ী যানজট এড়াতে আরও কিছু বিকল্প ও ছোট রাস্তা ব্যবহার করার নির্দেশ দিতে পারে ট্রাফিক পুলিশ ।
❤ Support Us









