- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৭, ২০২৫
আইপিএলে শতক পূরণ সিরাজের
আইপিএলে জীবনের সেরা বোলিং মহম্মদ সিরাজের। পৌঁছে গেলেন ১০০ উইকেটের মাইলস্টোনেও। সিরাজের দুরন্ত বোলিংয়ের সামনে মাথানত সানরাইজার্স হায়দরাবাদের। হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সেরে নিল গুজরাট টাইটান্স। অন্যদিকে, জয় দিয়ে শুরু করেও টানা ৪ ম্যাচে হারের মুখে পনতে হল সানরাইজার্স হায়দরাবাদকে।
এবছর আইপিএল অভিযান দারুণভাবেই শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে ঈশান কিষাণ, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেনদের ঝড়ে উড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকেই ছন্দহীন হেড, ক্লাসেনরা। ব্যাটে রান নেই। পরপর ৪ ম্যাচে তার প্রভাব পড়েছে। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও দাঁড়াতে পারেনি হয়দরাবাদের ব্যাটিং। মহম্মদ সিরাজের বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায়। এদিন আইপিএলে কেরিয়ারের সেরা বোলিং করলেন সিরাজ। অভিষেক শর্মাকে ফিরিয়ে শততম আইপিএল উইকেটও ঝুলিতে ভরলেন। সিরাজের বোলিং বিশ্লেষণ ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট। ১৭টি বলে কোনও রান দেননি।
টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক শুভমান গিল। ট্রাভিস হেডকে (৫ বলে ৮) প্রথমে ফেরান সিরাজ। এরুপর অভিষেক শর্মাকে (১৬ বলে ১৮) তুলে নিয়ে ১০০ উইকেটের মাইলস্টোনে পৌংছে যান। ঈশান কিষাণ (১৪ বলে ১৭) এদিনও ব্যর্থ। নীতীশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেনের জুটিতে ওঠে ৫০। এক ওভারের ব্যবধানে ক্লাসেন (১৯ বলে ২৭) ও নীতীশকে (৩৪ বলে ৩১) তুলে নেন সাই কিশোর। অনিকেত ভার্মাও (১৪ বলে ১৮) এদিন রান পাননি। দলকে দেড়শ রানের গণ্ডি পার করে দেন কামিন্স (৯ বলে অপরাজিত ২২)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তোলে হায়দরাবাদ।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই সাই সুদর্শন (৯ বলে ৫) ও জস বাটলারকে (৩ বলে ০) হারায় গুজরাট টাইটান্স। এই দুই ব্যাটারকে তুলে নিয়ে গুজরাটকে চাপে ফেলে দিয়েছিলেন মহম্মদ সামি ও প্যাট কামিন্স। কিন্তু অধিনায়ক শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের জুটি চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। ওয়াশিংটনকে (২৯ বলে ৪৯) তুলে নিয়ে জুটি ভাঙেন সামি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অধিনায়ক শুভমানের (৪৩ বলে অপরাজিত ৬১) দায়িত্বশীল ইনিংস দলকে জয় এনে দেয়। ১৬.৪ ওভারে ১৫৩/৩ তুলে জয় ছিনিয়ে নেয় গুজরাট।
❤ Support Us






