Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৫

ইরানের রাজধানী বদল। কোথায় হবে নতুন রাজধানী ? কেন এই পদক্ষেপ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানের রাজধানী বদল। কোথায় হবে নতুন রাজধানী ? কেন এই পদক্ষেপ ?

ইরান এবার তাঁর রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ২০০ বছরের পুরনো রাজধানী তেহরান ছেড়ে দক্ষিণ উপকূলিয় অঞ্চল মাকরানে তাঁরা নতুন রাজধানী গড়বেন। গত মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, তেহরানের জনসংখ্যা, জল-বিদ্যুতের সংকট মোকাবিলায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা এই স্থানান্তরের কৌশলগত ও অর্থনৈতিক সুবিধার ওপর জোর দিলেও সমালোচকরা সম্ভবত বিশাল অর্থনৈতিক ও লজিস্টিক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তেহরান দুই শতাব্দীরও বেশি সময় ধরে ইরানের রাজধানী। ইরানের কাজার রাজবংশের প্রথম শাসক আঘা মোহাম্মদ খান এই শহরটিকে রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর থেকে শহরটি একটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। বর্তমানে তেহরান এখন বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে যা ইরান সরকারকে রাজধানী স্থানান্তরের কথা বিবেচনা করতে বাধ্য করছে। এই পরিবর্তনের পিছনে একটি মূল কারণ হল তেহরান পরিবেশগত সমস্যায় ভুগছে, যা সময়ের সাথে সাথে তীব্রতর হচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যা শহরটিকে বায়ু দূষণ, জলের ঘাটতি এবং অত্যধিক ভিড়ের বিশাল সমস্যায় ভারাক্রান্ত করেছে। তেহরানের বাসিন্দারা বেশিরভাগই বিদ্যুৎ সমস্যা ও অনান্য দুর্বল পরিকাঠামোর সমস্যায় ভুগছেন।

মঙ্গলবার ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘নতুন রাজধানী অবশ্যই দক্ষিণে, মাকরান অঞ্চলে হবে এবং বর্তমানে এই বিষয়টি নিয়ে কাজ চলছে।’ এবিষয়ে তাঁর সংযোজন তেহরানের ক্রমবর্ধমান পরিবেশগত চাপ, জল-বিদ্যুতের সংকট, বায়ুদূষণ, বিপুল জনসংখ্যার কথা তুলে ধরেন এবং মাকরান অঞ্চলে সমুদ্র-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য দুটি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সে দেশের প্রশাসন। তিনি আরো বলেন, ‘আমরা প্রকৌশলী, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদসহ শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা চাইছি। তবে তিনি জানান, বিষয়টি এখনও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। এ সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যুক্তি, ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ তেহরান, আয়-ব্যয়েও নেই ভারসাম্য। পারস্য উপসাগরের কাছে রাজধানী স্থানান্তরের বিষয়ে এরইমধ্যে কাজ শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট।

মাকরান শহর ইরানের দক্ষিণাঞ্চলে, ওমান উপসাগরের তীরে। সামুদ্রিক ও বাণিজ্য কেন্দ্র হিসাবে বিশেষ গুরুত্ব রয়েছে এ শহরের। প্রায় ১০০০ কিমির উপকূলরেখার বিস্তৃত মাকরান সমগ্র মধ্যপ্রাচ্যকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করে, আন্তর্জাতিক বানিজ্য করিডোর হবার উপযুক্ত। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন , ‘মাক্রান অঞ্চলের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটি ইরানকে তার অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র দক্ষিণে নিয়ে যেতে সাহায্য করবে। তেহরানের উপর চাপ কমিয়ে দেবে এবং ইরানকে বিশ্ব ময়দানে একটি প্রতিযোগিতামূলক দেশ হিসেবে গড়ে তুলবে।’ কৌশলগত অবস্থান এবং সমুদ্রের নৈকট্য এই বন্দর শহরকে ইরানের ভবিষ্যত রাজধানীর করে তুলতে পারে।

অন্যদিকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে ইরানে। সমালোচকরা বলছেন, নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণ। এমনকি রাজধানী বদল হলে তেহরানের অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। প্রায় ৩ দশক ধরে চলছে ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা। পরিবেশগত ঝুঁকির কারণে ২০১০ সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল বলে জানান ইরান সরকারের মুখপাত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!