- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩০, ২০২৬
আইসিএসই ও আইএসসি ২০২৬ ফল প্রকাশ: পাশের হার ৯৯%-এর ওপরে, ছাত্রীদের সাফল্য নজরকাড়া
সিআইএসসিই দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। উল্লেখযোগ্য বিষয়, এ বছর দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করা হয়েছে—দশম শ্রেণির ক্ষেত্রে পরীক্ষা শেষের মাত্র ৩০ দিনের মধ্যে এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২৬ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে।
চলতি বছরে আইসিএসই (দশম) পরীক্ষায় মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন, অর্থাৎ মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন, পাশের হার ৯৮.৯৩ শতাংশ; অন্যদিকে ছাত্রীদের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন, পাশের হার ৯৯.৪৬ শতাংশ। মোট ২,৯৫৭টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। অঞ্চলভিত্তিক ফলাফলে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে রয়েছে, যেখানে পাশের হার ৯৯.৮৫ শতাংশ।
অন্যদিকে, আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাঁদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৪৭২ জন (পাশের হার ৯৮.৮১ শতাংশ) এবং ছাত্রী ৪৮ হাজার ৯৪২ জন (পাশের হার ৯৯.৪৮ শতাংশ)। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মোট ১,৫৫৩টি স্কুলে। অঞ্চলভিত্তিক ফলাফলে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে, যেখানে পাশের হার ৯৯.৮৭ শতাংশ।
দশম ও দ্বাদশ—উভয় ক্ষেত্রেই পাশের হারের বিচারে ছাত্রীদের ফল ছাত্রদের তুলনায় ভালো। যদিও মোট পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রদের সংখ্যাই বেশি ছিল।
পড়ুয়ারা সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইট (cisce.org এবং results.cisce.org) ছাড়াও ডিজিলকার (results.digilocker.gov.in) প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবে।
খাতা রিভিউ করার সুযোগ থাকছে ১ মে থেকে ৪ মে পর্যন্ত। উন্নত ফলের জন্য পুনরায় পরীক্ষা (ইমপ্রুভমেন্ট পরীক্ষা) দিতে হলে ৮ মে থেকে ১৪ মে-র মধ্যে রি-রেজিস্ট্রেশন করতে হবে। রিভিউয়ের ফল প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহে। ইমপ্রুভমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জুন এবং তার ফল প্রকাশ করা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে।
❤ Support Us








