- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
নবান্নে নওশাদ-মমতা বৈঠক
রাজনীতিতে কী না ঘটে! বিশেষ করে বর্তমান সময়ে। আজ যে পদ্মে কাল সে জোড়াফুলে, আজ যে হাতে কাল সে পদ্মে। কিংবা উল্টোটাও। আপাতদৃষ্টিতে আমজনতার এসবে গা সওয়া হয়ে গেলেও, ছোট ছোট বদল দেশের গণতন্ত্রের ক্ষেত্রে গভীর বার্তা বহন করে। ভারতের সংবিধান বলে দেশ পরিচালনায় দৃঢ় শাসকের পাশাপাশি শক্তিশালি বিরোধী থাকা ভীষণ আবশ্যক, তা না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। বিরোধীদের কাজ সরকারের নীতি, আদর্শ ও কাজের পুঙ্খানুপুঙ্খ আলোচনা-সমালোচনা করা, মানুষের কাছে সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা, আবার একই সঙ্গে ক্ষমতাকে আয়না দেখানো।
সোমবার নবান্নে ঘটে যাওয়া এক বৈঠক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা হয়ে উঠেছে। রাজ্যের প্রশাসনিক সদর দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি। এর আগেও ফুরফুরার ‘ছোট ভাইজান’ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে গিয়েছিলেন, কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে, দেখা হয় নি মুখ্যমন্ত্রীর সাথে। কিন্তু এবার ভাগ্য সদয়, নবান্নের ১৪ তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২২ মিনিট ধরে বৈঠক করলেন রিনি। এই বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। কারণ, আইএসএফ ও তৃণমূলের সম্পর্ক এতদিন খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন সময়ে দুই দলের মধ্যে বাকযুদ্ধ ও সংঘর্ষও দেখা গিয়েছে।
বৈঠকের পর নওসাদ সিদ্দিকি দাবি করেছেন, এই সাক্ষাৎ পুরোপুরি প্রশাসনিক কারণেই হয়েছে। তিনি বলেন, ‘আমি বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে, আমাদের এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। বরং ফেলে রাখছে, যার ফলে এলাকার সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন’। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীকে তিনি এই সমস্যার কথা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি নিজে বিষয়টি দেখবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধুমাত্র এমএলএ ল্যাডের টাকার মতো প্রশাসনিক ইস্যু নিয়ে হয়ে থাকলে ২২ মিনিটের দীর্ঘ আলোচনা কিছুটা অবাস্তব ঠেকে। তাহলে কি নওসাদ সিদ্দিকির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক বোঝাপড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? প্রসঙ্গত, বাংলার সংখ্যালঘু ভোটব্যাংকে আইএসএফের একটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মিনাখাঁ, ক্যানিং, বারুইপুরের মতো অঞ্চলে আইএসএফের যথেষ্ট সংগঠন মজবুত। তৃণমূলও জানে, সংখ্যালঘু ভোট ব্যাংকের ক্ষেত্রে আইএসএফ তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফের হাত ধরে সংযুক্ত মোর্চা রাজ্যে কিছুটা শক্তিশালী হয়েছিল। যদিও পরবর্তী সময়ে বাম ও কংগ্রেসের সঙ্গে নওসাদের দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আইএসএফ একাই লড়াই করে।
কিছুদিন আগেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ খোলাখুলি নওসাদকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তখন নওসাদ স্পষ্ট জানিয়েছিলেন, তিনি তৃণমূলে যোগ দেবেন না। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। এখন প্রশ্ন উঠছে, নওসাদের অবস্থান কি বদলাচ্ছে? এখনও পর্যন্ত নওসাদ বা তৃণমূলের তরফে এই বৈঠককে রাজনৈতিক সমীকরণের অংশ বলে স্বীকার করা হয়নি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাংক ধরে রাখতে তৃণমূল আইএসএফের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছে।
অন্যদিকে, আইএসএফের একাংশের মতে, দলকে শক্তিশালী করতে হলে তাদের আরো বৃহত্তর রাজনৈতিক সমঝোতার দিকে যেতে হবে। এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া না হলেও, কংগ্রেস বা বামেদের সঙ্গে নতুন করে জোটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও নওসাদ সিদ্দিকি জোর দিয়ে বলেছেন, ‘এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ কিন্তু অতীতে বাংলার রাজনীতিতে দেখা গিয়েছে, এই ধরনের বৈঠকই অনেক সময় ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাই এই ২২ মিনিটের বৈঠকের আসল অর্থ কী, তা বোঝার জন্য এখন আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
❤ Support Us








