Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৭, ২০২৫

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী, বার্তা পাক পররাষ্ট্রমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী, বার্তা পাক পররাষ্ট্রমন্ত্রীর

ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করে দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার দাবি করেছিলেন, ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছিলেন। ইসাক দার জানিয়েছেন, দুই দেশের যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকাই ছিল না। ভারত ট্রাম্পের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছিল।

এক বিদেশী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ‘‌২৫ জুলাই ওয়াশিংটনে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছিলাম। তখন আমি তাকে জিজ্ঞাসা কর, আলোচনার কী হয়েছিল। এই প্রশ্নের উত্তরে মার্কো রুবিও আমাকে বলেন যে, ভারত বলেছিল এটা একটা দ্বিপাক্ষিক বিষয়। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আমাদের কোনও আপত্তি ছিল না। কিন্তু ভারত এটিকে দ্বিপাক্ষিক বিষয় বলে মধ্যস্থতা প্রত্যাখ্যান করে।’‌

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, তাঁরা দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু এর জন্য পাকিস্তান ভারতের কাছে ভিক্ষা চাইবে না। ইসাক দার বলেন, ‘‌আলোচনায় বসার জন্য ভারতের কাছে ভিক্ষা চাইব না। আমরা কোনও কিছুর জন্য ভিক্ষা করছি না। যদি কোনও দেশ আলোচনা চায়, আমরা খুশি হব। স্বাগত জানাব। আমরা শান্তিপ্রিয় দেশ। আমরা বিশ্বাস করি যে, সংলাপই এগিয়ে যাওয়ার পথ। আলোচনার জন্য দুজন ব্যক্তির প্রয়োজন। ভারত যদি আলোচনা করতে না চায়, তাহলে আমরা জোর করতে পারি না।’‌

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ১০ মে ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ বারেরও বেশি দাবি করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তা করেছেন এবং উভয় দেশকে বলেছেন যে, যদি তারা সংঘর্ষ বন্ধ করে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করবে। ভারত বরাবরই দাবি করে আসছে, দুই দেশের  সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)–এর মধ্যে সরাসরি আলোচনার পরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!