Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১, ২০২৬

সরকারি স্কুলে চালু ইসকনের মিড ডে মিল, তারাতলার মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি স্কুলে চালু ইসকনের মিড ডে মিল, তারাতলার মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য ইসকনের রান্না করা মিড ডে মিল সরবরাহ শুরু হল। পূর্বঘোষণা অনুযায়ী, তারাতলায় ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মেগা কিচেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে ইসকনের আয়োজিত যজ্ঞে অংশ নেওয়ার পর তিনি সরাসরি মেগা কিচেনে গিয়ে রান্নার কাজও করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাঁরা মেগা কিচেনের সম্পূর্ণ ব্যবস্থাপনা ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়া উপস্থিত ছিলেন। মেগা কিচেন উদ্বোধনের পর মিড ডে মিল বহনের জন্য বিশেষ ইলেকট্রিক গাড়িরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে আজ থেকে বিভিন্ন সরকারি স্কুলে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। মেগা কিচেন থেকে ইলেকট্রিক গাড়িতে খাবার পরিবহণ করা হবে এবং প্রতিটি খাবারের কনটেনার সিল করে পাঠানো হবে, যাতে গুণমান ও নিরাপত্তা নিশ্চিত থাকে। স্কুলে পৌঁছনোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়ার পরেই কনটেনারের সিল খোলা হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে মিড ডে মিলের বরাদ্দ ১০ টাকায় উন্নীত করা হয়েছে বলেও তিনি জানান। ইসকনের এই উদ্যোগ সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানান তিনি। তাঁর বক্তব্য, শুধু উন্নয়ন নয়, ঐতিহ্য, সংস্কৃতি এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থার সমন্বয় ঘটিয়েই অগ্রগতির পথ তৈরি করাই সরকারের লক্ষ্য।

মিড ডে মিল প্রকল্পের গুরুত্ব তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং তাদের সার্বিক বিকাশের ক্ষেত্রে ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে চালু হওয়া মিড ডে মিল প্রকল্প যুগান্তকারী পদক্ষেপ ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে বিভিন্ন সংস্থা এই কর্মসূচিতে যুক্ত হওয়ায় আরও বেশি সংখ্যক শিশুর কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। স্কুলে ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের সিদ্ধান্তকে ঘিরে যে সমালোচনা শুরু হয়েছে, তারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সমালোচক থাকা স্বাভাবিক। তবে সরকার যেমন ইসকনের রান্না করা খাবার গ্রহণ করেছে, তেমনই সপ্তাহে দু’দিন করে পড়ুয়াদের ডিমও সরবরাহ করবে রাজ্য সরকার। তাঁর আশা, এরপর সমালোচনার অবসান হবে।

মিড ডে মিলের রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইসকনকে দায়িত্ব দেওয়ার ফলে কোনও রাঁধুনির কাজ যাবে না। বরং রান্না করা খাবার বিতরণ ও সরবরাহের কাজে তাঁদের যুক্ত করা হবে। পাশাপাশি আগস্ট মাস থেকে তাঁদের মাসিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে বলেও জানান তিনি। বিরোধীদের সমালোচনার জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদাহরণ টেনে শুভেন্দু বলেন, যারা দীর্ঘদিন শুধু সমালোচনাই করেছেন, তাঁদের একদিন স্কুলে গিয়ে ৪৪ হাজার পড়ুয়ার জন্য পরিবেশিত মিড ডে মিলের মান নিজে দেখে ও স্বাদ নিয়ে আসার পরামর্শ দেন তিনি। পাইলট প্রকল্পের সূচনার দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পড়ুয়াদের সঙ্গে একই টেবিলে বসে মিড ডে মিল খেয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!