- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৩, ২০২৩
কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্লেঅফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
টানা ৪ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে হারাল ১–০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্লেইটন সিলভা। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে একদিকে যেমন প্লেঅফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল, পাশাপাশি এটিকে মোহনবাগানেরও সুবিধা করে দিল।
অঙ্কের বিচারে এখনও প্রথম ছয়ে থাকার ক্ষীণ সম্ভাবনা রয়েছে লালহলুদের। ইস্টবেঙ্গল যদি বাকি সব ম্যাচ জেতে, আর বেঙ্গালুরু এফসি বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে হারে, ওড়িশা এফসি বাকি পাঁচ ম্যাচের চারটিতেই হারে এবং চেন্নাইন এফসি যদি আরও দুটি ম্যাচে হেরে যায়, তাহলে ৬ নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গলের প্লেঅফে খেলার সুযোগ পাবে। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্লেঅফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল।
টানা ৪ ম্যাচ হেরে এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এদিন আক্রমণভাগে দুই বিদেশিকে নামিয়েছিলেন লালহলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। ক্লেইটন সিলভার সঙ্গে নতুন বিদেশি স্ট্রাইকার জেক জার্ভিস। ম্যাচের ৩ মিনিটেই সুযোগ এসে গিয়েছিল জার্ভিসের সামনে। কিন্তু তিনি ফাউল করে ফেলেন কেরালার এক ডিফেন্ডারকে। ৩৬ মিনিটে গোল করার সুযোগ এসেছিল কেরালা ব্লাস্টার্সের সামনে। ভিক্টর মঙ্গিলের হেড বাঁচান লালহলুদ গোলকিপার কমলজিৎ সিং। ৪২ মিনিটে জেক জার্ভিসের সেন্টার থেকে কেরালার জালে বল জড়িয়েছিলেন ভিপি সুহের। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ৪৫ মিনিটে ক্লেইটন সিলবার প্রয়াস দু’দুবার রুখে দেন কেরালা ব্লাস্টার্স গোলকিপার করণজিৎ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল কেরালা ব্লাস্টার্স। ৫৩ মিনিটে এগিয়ে যেতে পারত কেরালা ব্লাস্টার্স। অ্যাপোসটোলিসের পুশ বাঁহাতে অসাধারণ দক্ষতায় নিশ্চিত গোল বাঁচান কমলজিৎ সিং। অবশেষে ৭৭ মিনিটে জয়ের সেই কাঙ্খিত গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে দারুণ গতিতে উঠে এসে বল বাড়ান নওরেম মহেশ সিং। কেরালা ব্লাস্টার্সের এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলের দিকে যাচ্ছিল। আংশিক প্রতিহত করেন কেরালা ব্লাস্টার্সের গোলকিপার করণজিৎ সিং। কেরালার এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করার আগেই জালে পাঠান ক্লেইটন সিলভা। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা। তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে উঠে ইস্টবেঙ্গলকে কাঙ্খিত ৩ পয়েন্ট এনে দেন কমলজিৎ সিং। ম্যাচের শেষদিকে লালকার্ড দেখেন ইস্টবেঙ্গলের মোবাশির রহমান।
❤ Support Us






