Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১, ২০২৫

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রণক্ষেত্র যাদবপুর ! শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর, সংঘর্ষে আহত বহু ছাত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রণক্ষেত্র যাদবপুর ! শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর, সংঘর্ষে আহত বহু ছাত্র

‘চাই ছাত্র সংসদ নির্বাচন’– এই দাবিতে শনিবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়য় ক্যাম্পাসে জড়ো হচ্ছিলেন ছাত্ররা। এসেফাই, আইসা, ডিএসএফের মতো ছাত্র সংগঠনের স্লোগানে মুখর হয়ে ওঠে কলকাতা ৩২। তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার বৈঠকে ব্রাত্য বসু যোগ দিতে এলে পোস্টার হাতে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্ররা। পাল্টা স্লোগান ওঠে তৃণমূলের তরফেও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দিতে হবে, দাবি ওঠে ছাত্রদের তরফে। রাজি হন ব্রাত্য বসু। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বাম সংগঠনের প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চান। এরপরেই শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, তিনি প্রতিটি সংগঠন থেকে ২ জনের বেশি সদস্যের সঙ্গে দেখা করবেন না।

ওপেন এয়ার থিয়েটারে অনুষ্ঠান মঞ্চ থেকে ব্রাত্য একহাত নেন বাম, অতিবামদের। ক্ষোভের সুরে বামপন্থার পাঠও দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘যে বামপন্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিহ্নিত করি তা একেবারেই সোভিয়েত রেজিমেন্টেড বামপন্থা নয়। ওটা আসলে ল‍্যাটিন আমেরিকান বামপন্থা। যার মাথায় একজন জনসম্মোহনকারী নেতা থাকে, মাঝে একটা ঢিলেঢালা পার্টি, নিচে জনগণ থাকে।’ আন্দোলনকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে ব্রাত্য বলেন ‘যাদবপুরে এর আগেও আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের নেতাদের এখন দেখতে পাবেন না। তাঁরা এখন সব ভিন রাজ্যে বা বিদেশে। তাঁদের রাজ্য নিয়ে কিছু যায় আসে না।’ তাঁর দাবি, এরা শুধুই অ‍্যাটেনশন সিকার। এরা ভুয়ো মতাদর্শে চলে। উল্টো দিকে বাইরে তখন ছাত্রদের একটাই দাবি — অবিলম্বে চাই, ছাত্র সংসদ নির্বাচন।’

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় থেকে বেরনোর সময় আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। । শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে শিক্ষামন্ত্রী পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বিক্ষোভ চলতেই থাকে। ‘চোর-চোর’ ও ‘গো-ব্যাক’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মানববন্ধন করে স্লোগান দিতে শুরু করে বাম ছাত্র সংগঠনের সমর্থকরা। ওয়েবকুপার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। তার ফলে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আহত হন বেশ কয়েকজন ছাত্র। কেপিসি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। একদল ছাত্র তাঁর গাড়ির উপরে উঠে পড়েন। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেও ক্ষমা চাওয়ার দাবি ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। ছাত্রদের অভিযোগ, মন্ত্রীকে বাঁচানোর জন্য দ্রুত গড়িতে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়। আর তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। এই মুহূর্তে ইউনিভার্সিটির ৪ নাম্বার গেট, যাদবপুর ৮বি বাসস্টান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদি ছাত্র সংগঠনগুলি। ওয়েবকুপার তরফ থেকেও পাল্টা প্রতিবাদ চলছে।

এ নিয়ে ব্রাত্য বসু সাংবাদিকদের বলেছেন, ‘এটা যদি উত্তরপ্রদেশে হত, কোনো ছাত্র সংগঠন এই কাজ করতে পারত? আজকের যে ঘটনা, আমরা চাইলেই পুলিশ ডাকতে পারতম। কিন্তু আমি বারণ করেছি, শিক্ষাঙ্গনে যেন এক জনও পুলিশ না প্রবেশ করে।’ শিক্ষামন্ত্রীর অভিযোগ, ‘যাঁরা আজ অধ্যাপকদের উপর আক্রমণ করছেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা পদক্ষেপ গ্রহণ করেছেন?’ বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। অধিকাংশ জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ বে-আইনিভাবে ইউনিয়নের ক্ষমতা দখল করে বসে আছে। দুর্নীতি আর চাঁদাবাজি করছে। কই তাঁদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেন না শিক্ষামন্ত্রী। আসলে তিনিও সেখান থেকে কাটমানি পান। আজ তিনি যেভাবে ছাত্রদের মাড়িয়ে চলে গেলেন, যেভাবে ছাত্ররা আক্রান্ত হল, তা আমরা ভুলে যাব না। যাদবপুর কোনদিনই অন্যায় মেনে নেয় না, তাই এখানে তৃণমূলের কোনো স্থান নেই। আমাদের একটাই দাবি, অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের তারিখ ঘোষণা করতে হবে।’

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত ৷ তখন তাঁকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!