- দে । শ
- জুলাই ৬, ২০২৪
পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সর্বোচ্চ স্কোর, নজির প্রাক্তন মাও নেতা অর্ণবের
পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পর্বে নজির সৃষ্টি করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। অ্যাকাডেমিক ও ইন্টার্ভিউ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁর স্কোর ৭৬.৮৬৭০। দ্বিতীয় স্থানাধিকারি পূজারিণী রায়। তাঁর স্কোর ৭২.৪১১০।
এক সময়ের খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র অর্ণব মাঝপথেই পড়াশোনা ছেড়ে মাও আন্দোলনের সঙ্গে জড়িয়ে পরেন। তাঁর নতুন নামকরণ হয় বিক্রম। অল্পদিনের মধ্যেই কিষেনজির স্নেহভাজন হয়ে ওঠেন তিনি। শিলদা ইএফআর ক্যাম্পে হামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত অর্ণব ২০১২ সালে আসানসোল থেকে গ্রেফতার হন। বিচারে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সংশোধনাগার থেকে পড়াশোনা শুরু করেন তিনি। ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বর্তমানে হুগলি সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি।
স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এসে মৌখিক পরীক্ষা দেন অর্ণব । ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে অর্ণবের প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তনভির বলেছেন,’ এটা খুবই ভালো দিক। উনি এখানে পি এইচ ডি করলে সেটা একটা ইতিহাস হয়ে থাকবে। ‘
দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার পথ সহজ ছিলনা। তবু বিশ্বের অন্যতম প্রাচীন কাব্যের জনক মানুষকে অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখিয়েছিলেন তাঁর অমর সৃষ্টি ‘রামায়ণ’ -এর মাধ্যমে। সেক্ষেত্রে স্নাতক থেকে স্নাতকোত্তর সবেতেই প্রথম স্থানে উত্তীর্ণ হওয়া অর্ণব এবার ইতিহাসের গবেষক রূপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পা রাখতে চলেছেন। তবে তার থেকেও বড় কথা , পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কোনও যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্দী জেলে বসে পিএইচডি করবেন।
❤ Support Us





