- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ-উত্তাপে জ্বালানি সংকটের আশঙ্কা, বাড়ছে বিমানভাড়া। ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জয়শঙ্করের
পশ্চিম এশিয়ায় ক্রমশ তীব্রতর হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেই প্রণালী দিয়ে তেল পরিবহণ কার্যত বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষাপটেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
সূত্রের খবর, ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলির স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর এই নিয়ে তৃতীয়বার ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। পাশাপাশি ইরানে নতুন সুপ্রিম লিডার ঘোষণার পর দু-দেশের বিদেশমন্ত্রীর মধ্যে এটিই প্রথম সরাসরি ফোনালাপ হলো।
এ আলোচনার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে জয়শঙ্কর লেখেন, ‘আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে কথা হয়েছে। ইরানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পরিস্থিতিতে আমরা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি।’ ইরানের তরফেও জানানো হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলার পরিস্থিতি সম্পর্কে ভারতের বিদেশমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করেছেন আরাঘচি। বিশেষ করে ইরানে একটি স্কুলে মার্কিন হামলার ঘটনা এবং সে হামলায় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগের বিষয়টিও ভারতের কাছে তুলে ধরা হয়েছে বলে দাবি তেহরানের।
আলোচনায় উঠে এসেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর প্রসঙ্গও। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই পরিবহণ হয়। ইরানের দাবি, পারস্য উপসাগরে নিরাপদ নৌ চলাচলের পক্ষে তারা বরাবরই রয়েছে। তবে মার্কিন আগ্রাসনের জেরে পরিস্থিতি এখন ক্রমশ জটিল হয়ে উঠছে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। সংঘাত যাতে ভারতের জ্বালানি সরবরাহে প্রভাব না ফেলে, সে বিষয়টি মাথায় রেখেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। মঙ্গলবার এই প্রসঙ্গে জরুরি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।
সরকারি সূত্রের খবর, হরমুজ প্রণালী অঞ্চলে যদি কোনো ভারতীয় বা বাণিজ্যিক জাহাজ আটকে পড়ে, তবে প্রয়োজনে ভারতীয় নৌসেনা ব্যবহার করে তাদের নিরাপদে সরিয়ে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ করেন জয়শঙ্কর। চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিমান পরিবহণ ক্ষেত্রেও। পশ্চিম এশিয়ায় চলতে থাকা ভূ-রাজনৈতিক টানাপড়েনের জেরে আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে জেট ফুয়েলের দাম। বাড়তি চাপ সামাল দিতেই টিকিটে জ্বালানি সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই নতুন ফুয়েল সারচার্জ কার্যকর করা হবে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের একটি বড়ো অংশই জ্বালানির জন্য খরচ হয়। আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায়, অতিরিক্ত ব্যয়ের একটি অংশ যাত্রীদের উপরই চাপানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। নতুন নিয়ম অনুযায়ী, ১২ মার্চ থেকে বুক করা প্রতিটি দেশীয় উড়ানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। শুধু দেশীয় উড়ান নয়, ‘সার্ক’ অঞ্চলের দেশগুলিতে যাতায়াতকারী ফ্লাইটের ক্ষেত্রেও একই পরিমাণ সারচার্জ প্রযোজ্য হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে অবশ্য গন্তব্যভেদে সারচার্জের অঙ্ক আলাদা। পশ্চিম এশিয়ার ফ্লাইটগুলিতে প্রতি টিকিটে ১০ ডলার অতিরিক্ত চার্জ ধার্য করা হয়েছে। আফ্রিকার বিভিন্ন গন্তব্যে এই চার্জ ৩০ ডলার থেকে বেড়ে ৯০ ডলার পর্যন্ত হতে পারে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন রুটে যাতায়াতকারী ফ্লাইটের ক্ষেত্রে ২০ থেকে ৬০ ডলার পর্যন্ত জ্বালানি সারচার্জ ধার্য করা হয়েছে। এছাড়া ১২ মার্চ থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটেও নতুন এই সংশোধিত সারচার্জ কার্যকর হবে। বর্তমানে ওই রুটে কোনও জ্বালানি সারচার্জ নেওয়া হয় না বলেই জানিয়েছে সংস্থা। এয়ার ইন্ডিয়া গ্রুপ-এর বক্তব্য, আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে জেট ফুয়েলের দাম দ্রুত বেড়েছে। সে কারণেই আপাতত এই অতিরিক্ত সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে বা পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে অতিরিক্ত চার্জ পুনর্বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থা।
❤ Support Us







