Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৪, ২০২৩

সমলিঙ্গ বিবাহ, বহুত্ববাদী সংস্কৃতির আর চিরাচরিত পরিবার ব্যবস্থা তৈরি করবে সঙ্কট । আইন রদের আর্জিতে শীর্ষ আদালতে জমিয়ত

আরম্ভ ওয়েব ডেস্ক
সমলিঙ্গ বিবাহ, বহুত্ববাদী সংস্কৃতির আর চিরাচরিত পরিবার ব্যবস্থা তৈরি করবে সঙ্কট । আইন রদের আর্জিতে শীর্ষ আদালতে জমিয়ত

সমকামী বিবাহ আইনসিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এর বিরোধিতা করেছে ধর্মীয় সংস্থা জমিয়তে-উলেমা-ই-হিন্দ। জমিয়তে-উলেমা-ই-হিন্দের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সমকামী বিবাহ আইনসিদ্ধ করতে চেয়ে যে আবেদনগুলি করা হয়েছে, তা সব ধরনের পার্সোনাল ল-কে লঙ্ঘন করছে। আবেদনকারীরা সমকামী বিবাহ আইনসিদ্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেও ভারতীয় সমাজে বিবাহের যে ধারণা চালু আছে, এই আবেদন পুরোপুরিভাবেই তার পরিপন্থী। বিবাহ একটি স্থিতিশীল প্রতিষ্ঠান, এই ধারণাই সমকামী বিবাহের ক্ষেত্রে খাটে না।

জমিয়তে-উলেমা-ই-হিন্দ সুপ্রিম কোর্টে আরও বলেছে, কেবলমাত্র পুরুষের সঙ্গেই নারীর বৈবাহিক সম্পর্ক  তৈরি করতে পারে। মুসলমান সম্প্রদায়ে বিবাহ ব্যাপারটা প্রকৃতপক্ষে সমাজ এবং ধর্মের সঙ্গে সম্পৃক্ত এক প্রতিষ্ঠান। হিন্দুদের ক্ষেত্রেও বিবাহ এমনই এক প্রতিষ্ঠান। সেই ধারণা বাতিল করার আবেদনের অর্থ হল চিরাচরিত পারিবারিক ব্যবস্থাকে আক্রমণ করা। কারণ সমকামী বিবাহের ধারণা পরিবার গড়ে তোলে না।

সমকামী বিবাহ বিশ্বের কোথাও কোথাও আইনসিদ্ধ হলেও গোটা সমাজের পক্ষেই ক্ষতিকারক হতে পারে বলে আদালতকে বলেন জমিয়তে-উলেমা-ই-হিন্দের আইনজীবী এমআর আহমেদ। তিনি বলেছেন, সমকামিতা আইনসিদ্ধ করার দাবির শিকড় নিহিত রয়েছে পশ্চিমী সমাজের মূল্যবোধে। ওখানে এবিষয়ে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, আদতে তা নাস্তিক্যের ধারণা। যৌনতা নিয়ে পশ্চিমে যেসমস্ত দাবি-অধিকারের কথা তোলা হচ্ছে, সেও কঠোরভাবে নাস্তিকেরই ধারণা। বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে চালু পার্সোনাল ল-তে এর কোনও ঠাঁই নেই।

সুপ্রিম কোর্টে সমকামী বিবাহকে আইনসিদ্ধ করতে চেয়ে একাধিক আবেদন জমা পড়েছে। ওই আবেদনগুলিতে বলা হয়েছে, সমকামী বিবাহের অধিকারকে এবার ভারতে আইনি স্বীকৃতি দেওয়া হোক। গত মাসে এই আবেদনগুলি সুপ্রিম কোর্টে দায়ের হওয়ার পরে আদালত সাংবিধানিক মামলা হিসেবে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছিল। আদালত সূত্রের খবর, সুপ্রিম কোর্টের পাঁচ বিচাপতির বেঞ্চে সমকামী বিবাহ সম্পর্কিত এই মামলার শুনানি হবে।

কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সমকামী বিবাহের আইনি স্বীকৃতির দাবিতে আবেদনের বিরোধিতা করেছে। কেন্দ্র সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জানিয়েছে, লিভিং টুগেদার কিংবা সমকামী যৌনতা ভারতীয় সমাজের পারিবারিক ধারণার সঙ্গে মেলে না।

জমিয়তে-উলেমা-ই-হিন্দের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, যেহেতু অন্য দেশ সমকামী বিবাহকে আইনসঙ্গত করছে, সেজন্যে ভারতে কোনওমতেই চালু করা যাবে না। একারণে আবেদনগুলি সুপ্রিম কোর্টের গ্রাহ্য করার প্রয়োজন নেই। চিরাচরিত ধর্মসঙ্গত যে নিয়মের প্রচলন রয়েছে, সেখানে সমকামী বিবাহের কোনও অস্তিত্ব নেই। এখন দেখার আগামী ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কী রায় দেবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!