- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৮, ২০২৬
প্রথমবার রনজি ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর
২০২৫–২৬ রনজি ট্রফির ফাইনাল ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠল। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। নিজেদের ৬৭ বছরের রনজি ইতিহাসে এই প্রথম ট্রফি ঘরে তুলল। ফাইনালে কর্ণাটকের সঙ্গে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর।
হুবলিতে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জম্মু ও কাশ্মীর। প্রথম ইনিংসে ৫৮৪ রানের বিশাল স্কোর খাড়া করে। শুভম পুন্ডির করেন ১২১। ইয়াওয়ার হাসান (৮৮), অধিনায়ক পরশ ডোগরাও (৭০), সাহিল লোতরা (৭২), কানহাইয়া ওয়ার্ধনরা (৭০) দলকে বড় রানে পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে আকিব নবির দুরন্ত বোলিংয়ের সামনে ২৯৩ রানে গুটিয়ে যায় কর্ণাটকের শক্তিশালী ব্যাটিং লাইন। কর্ণাটকের হয়ে সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগরওয়াল (১৬০)। আকিব নবি ৫৪ রানে ৫ উইকেট নেন। এই নিয়ে চলতি মরশুমে ৭ বার ৫ উইকেট নিলেন আকিব নবি।
২৯১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জম্মু ও কাশ্মীর। চতুর্থ দিন একসময় ৭২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে রুখে দাঁড়ান কামরান ইকবাল ও আব্দুল সামাদ। দিনের শেষবেলায় আউট হন সামাদ (৩২)। চতুর্থ দিনের শেষে জম্মু ও কাশ্মীর তুলেছিল ১৮৬/৪। পঞ্চম দিন সেঞ্চুরি পূর্ণ করেন কামরান। জম্মু ও কাশ্মীর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪২ রান তোলার পর ম্যাচ ড্র হয়ে যায়। কামরান ইকবাল ১৬০ ও সাহিল লোটরা ১০১ রানে অপরাজিত থাকেন।
জম্মু ও কাশ্মীর ১৯৫৯-৬০ সালে প্রথম রনজি ট্রফিতে অংশগ্রহণ করেছিল। তারপর থেকে ৬৭ বছর কেটে গেছে, এবং দলটি কোনও শিরোপা জেতেনি। তাদের প্রথম রনজি ট্রফিতে কোনও ম্যাচে জয় ১৯৮২-৮৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে। এবার তারা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল।
❤ Support Us








