- এই মুহূর্তে দে । শ
- মে ১, ২০২৬
জম্মুতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক
নির্মাণকাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়েছে সেতুর একটি অংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জম্মুর বান্তালাব এলাকায়। প্রশাসনিক সূত্রে আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫ থেকে ৭জন শ্রমিক আটকে থাকতে পারেন। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত সরকারি ভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্তালাব-থাথার এলাকার ওই নির্মীয়মান সেতুতে শুক্রবার সকাল থেকেই কাজ চলছিল। আচমকাই কাঠামোর একটি অংশ ভেঙে পড়তেই মুহূর্তে ঘটে যায় বিপর্যয়। ধসের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, প্রশাসনিক আধিকারিক এবং উদ্ধারকারী বাহিনী। পরে সেনা ও এনডিআরএফ-এসডিআরএফ-এর দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে একাধিক ভারী যন্ত্র, জেসিবি-সহ অন্যান্য মেশিন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক সেতুর উপরের অংশে কাজ করছিলেন। ধস নামার পরপরই অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ২ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে বাকিদের খোঁজে এখনো তল্লাশি জারি রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সরপঞ্চ রাজদেব সিং জানান, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি, এখানে ৬ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জনের খোঁজে এনডিআরএফ-সহ সমস্ত দল কাজ করছে। আমরা আশাবাদী, সকলে নিরাপদে উদ্ধার হবেন।’
দুর্ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে। প্রশাসন পুরো এলাকা ঘিরে ফেলেছে, যাতে উদ্ধারকাজে কোনও বিঘ্ন না ঘটে। ঠিক কী কারণে নির্মীয়মান সেতুটি ভেঙে পড়ল, তা এখনো স্পষ্ট নয়। প্রকৌশলগত ত্রুটি নাকি নির্মাণে গাফিলতি, সমস্ত দিকই খতিয়ে দেখছে প্রশাসন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ দ্রুত গতিতে চালানো হলেও, ভিতরে আটকে থাকা শ্রমিকদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে শ্রমিক পরিবার ও প্রশাসনিক মহলে।
❤ Support Us






