Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৪, ২০২৬

গৌরবের ১৭৫ বছরে স্মৃতির সঙ্গে বর্তমানের মেলবন্ধন, জনাই ট্রেনিং হাই-স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান

আরম্ভ ওয়েব ডেস্ক
গৌরবের ১৭৫ বছরে স্মৃতির সঙ্গে বর্তমানের মেলবন্ধন, জনাই ট্রেনিং হাই-স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান

নবজাগরণের আলোয় পথচলা শুরু হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি। সেই ঐতিহ্যবাহী পথচলার বয়স আজ ১৭৫ বছর। হুগলির জনাই ট্রেনিং হাই–স্কুলের গৌরবময় ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি ২ দিনব্যাপী বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো এক ঐতিহাসিক উদযাপনের।

১৮৫০ সালের ১ জানুয়ারি, সরস্বতী নদী তীরে, জনাই গ্রামের তৎকালীন জমিদার রামনারায়ণ মুখোপাধ্যায়ের বাংলো বাড়িতে সূচনা হয় ‘জনাই ট্রেনিং হাই-স্কুল’-এর। বাংলা শিক্ষা আন্দোলনের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও  বেথুন সাহেবের ভাবনায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দীর্ঘ দেড় শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। ২০২৫ সালে ঐতিহ্যের ১৭৫তম বর্ষে পদার্পণ করল এই বিদ্যালয়। বর্ষপূর্তি উপলক্ষে গত ১২ জানুয়ারি প্রভাতফেরির মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এর আগে ও পরে বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। চূড়ান্ত পর্ব হিসেবে ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। 

৯ জানুয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সত্যনারায়ন ভট্টাচার্য । ওই দিনই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার এবং কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ইতিহাসবিদ সুরঞ্জন দাস। তাঁদের হাত দিয়েই উন্মোচিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।

১৭৫ বছর পূর্তি উপলক্ষে রচিত ‘থিম সং’ ও তার তালে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গান-এর রচয়িতা শিক্ষক তন্ময়কুমার ঘোষ এবং সুরারোপ করেছেন মানস গঙ্গোপাধ্যায়। এরপর, স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক রজতকুমার কুণ্ডু এবং সহকারী প্রধান শিক্ষক ষষ্ঠিচরণ দাস । অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের অংশগ্রহণে নাটক, ধ্রুপদী সঙ্গীত, লোকসঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিক্ষা, ক্রীড়া ও বৃত্তিমূলক ক্ষেত্রে কৃতিত্বের জন্য বহু ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। প্রায় ২৩টি স্কুলের ৮৭ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। সন্ধ্যায় রূপমিতার গান এবং পরে সেতার শিল্পী পণ্ডিত সমীরণ গাঙ্গুলি ও শুভায়ন গাঙ্গুলির যুগল পরিবেশনা সন্ধ্যার রূপে নিয়ে আসে ঐকান্তিক ব্যাপ্তি। সবশেষে আধুনিক গানে মঞ্চ মাতান ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের মেজাজ। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক ‘জনাই ট্রেনিং হাই–স্কুল’-এর ১৭৫ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং গোটা এলাকার গৌরবের ইতিহাস বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।   


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!