Advertisement
  • এই মুহূর্তে
  • ডিসেম্বর ১৫, ২০২২

সন্ত্রাসবাদে মদতদাতাদের কাশ্মীর ইস্যুতে মন্তব্যের এক্তিয়ার নেই, রাষ্ট্রপুঞ্জে বললেন জয়শংকর

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্ত্রাসবাদে মদতদাতাদের কাশ্মীর ইস্যুতে মন্তব্যের এক্তিয়ার নেই, রাষ্ট্রপুঞ্জে বললেন জয়শংকর

নিরাপত্তা পরিষদে ফের কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলল পাকিস্তান। পাল্টা জবাব ভারতের।

বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে বিতর্ক সভায় কাশ্মীর প্রসঙ্গের উত্থাপন করেন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রত্যুত্তরে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর বলেন, বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতিসাধন এবং সৌহার্দ্যেকেই গুরুত্ব দেয় ভারত। কিন্তু যারা প্রতিবেশী দেশের সংসদে জঙ্গি হানায় মদত জোগায়, সন্ত্রাসবাদকে উৎসাহ দেয়,  ওসামা বিন লাদেনের মতো ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের ভারতকে কাশ্মীর নিয়ে নৈতিক উপদেশ দেওয়ার অধিকার নেই। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার বিষয়ে প্রশ্নের উত্তরে, পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন জয়শংকর। তিনি বলেন, কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার, ভারতের অভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে বহির্বিশ্বের হস্তক্ষেপ বা প্ৰশ্নতোলাকে অনধিকার চর্চা বলেই মনে করে ভারত। 

প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় যোগ দিতেই ভারতীয় বিদেশমন্ত্রীর এই নিউইয়র্ক সফর। সন্ত্রাসবাদ বিরোধিতা এবং বহুপাক্ষিক সম্পর্কের উন্নতি, নিরাপত্তা পরিষদের এই বিতর্ক আলোচনাতেই ভারতীয় প্রতিনিধি হিসেবে  সভাপতিত্ব করেন জয়শংকর।এই ডিসেম্বরেই,  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছে ভারতের।  

২০১৯ এর ৫ আগস্ট, কাশ্মীরে বিশেষ মর্যাদা আইন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় সংসদে। তারপর থেকেই কাশ্মীর নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বারবার প্ৰশ্ন তুলেছে পাকিস্তান।ইন্ধন জুগিয়েছে ভারত বিরোধী প্রচারে।দেশের অভ্যন্তরীন বিষয়ে বাইরের হস্তক্ষেপের পাল্টা সামালোচনা করেছে ভারতও।

 


❤ Support Us
error: Content is protected !!