Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৯, ২০২৪

‌বিজেপি–তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন ?‌ ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ডামাডোল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিজেপি–তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন ?‌ ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ডামাডোল

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপি–তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন?‌ এই নিয়ে জল্পনা তুঙ্গে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিবার দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁর সামনে সব বিকল্প খোলা রয়েছে। দলের সঙ্গে তাঁর মতবিরোধের জন্যই দল ছাড়ার কথা ভাবছেন চম্পাই সোরেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটশিলা আসন থেকে তাঁর ছেলেকে প্রার্থী করার জন্য দলের কাছে অনুরোধ করেছিলেন চম্পাই সোরেন। তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে চম্পাই সোরেনের সঙ্গে দলের মতবিরোধ দেখা দিয়েছে। মতবিরোধের মাঝে শনিবার কলকাতায় এসেছিলেন চম্পাই। কলকাতায় এসে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি দিল্লিতে যান। দিল্লিতে পৌঁছনোর পরপরই তাঁর বিজেপি–তে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছে। যদিও কলকাতায় এসে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার বিষয়টি অস্বীকার করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছন চম্পাই সোরেন। দিল্লি পৌঁছে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় আমাকে নানাভাবে অপমান করা হয়েছে। বিধায়ক দলের বৈঠকও ডাকতে দেওয়া হয়নি। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন পর্যন্ত আমার সামনে সব বিকল্প খোলা আছে। আমার সামনে তিনটি বিকল্প খোলা রয়েছে। রাজনীতি থেকে অবসর নেওয়া, নতুন দল তৈরি করা কিংবা অন্য কোনও দলে যোগ দেওয়া। এবার আমাকে বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে।’
চম্পাই সোরেন আরও বলেন, ‘‌আমি দলের মধ্যে সবথেকে সিনিয়র সদস্য। বাকিরা আমার থেকে জুনিয়র। দলের সুপ্রিমো শিবু সোরেন একমাত্র আমার থেকে সিনিয়র। স্বাস্থ্যের কারণে তিনি এখন আর রাজনীতিতে সক্রিয় নন। তিনি যদি সক্রিয় হতেন, তাহলে হয়তো এইরকম পরিস্থিতিতে পড়তে হত না।’‌
এদিকে, চম্পাই সোরেনের দল ছাড়ার ইঙ্গিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজেপির বিরুদ্ধে দলের মধ্যে ভাঙন তৈরির অভিযোগ নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‌বিজেপি হিংসার রাজনীতি করছে। আমি বিজেপি–কে চ্যালেঞ্জ করছি, যদি আজ বিধানসভা নির্বাচন হয়, তাহলে ঝাড়খণ্ড থেকে নিশ্চিহ্ন হবে। চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিলেও ঝাড়খণ্ডে কোনও সমস্যা হবে না।’‌
বিজেপি সূত্র অবশ্য জানিয়েছে, চম্পাইয়ের ভবিষ্যত নিয়ে দলে আলোচনা চলছে। বিজেপি–তে ইতিমধ্যেই তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, ঝাড়খণ্ড বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি এবং ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস। এছাড়াও, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা এবং শিবু সোরেনের পুত্রবধূ সীতাও রয়েছেন। এই সব নেতারা নিজেদের মধ্যে ক্ষমতার কেন্দ্র। তাহলে চম্পাইকে কী প্রস্তাব দেওয়া হবে?‌ এই নিয়ে বিজেপি–তে আলোচনা চলছে। একসময় হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল চম্পাই সোরেনের হাতে। হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়ে আসার পর, চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!