- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৬, ২০২৬
নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান, পুলিশের বাধায় উত্তপ্ত করুণাময়ী
ভোটের আবহে ফের পথে নামলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন ২০১৪ ও ২০১৭ সালের টেট (TET) পাশ, বিশেষত NIOS D.El.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী মিছিল শুরু হতেই বিধাননগর করুণাময়ী এলাকায় পুলিশের তরফে তা আটকানো হয় বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন চাকরিপ্রার্থীরা।
পুলিশের বাধার মুখে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এরপর করুণাময়ী চত্বরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রার্থীরা। থালা বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের নিয়োগ করা হচ্ছে না। একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। সেই দাবিতেই বিকাশ ভবন অভিযানের কর্মসূচি নেওয়া হয় বলে জানান তাঁরা।
চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। করুণাময়ী এলাকা, প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর এবং বিকাশ ভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। মিছিল করুণাময়ীতে পৌঁছাতেই পুলিশ তা আটকে দেয় এবং শুরু হয় ধরপাকড়।
এই বিক্ষোভের জেরে করুণাময়ী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
❤ Support Us








