Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৩, ২০২৫

‘বিচারকের মানবিক দৃষ্টিভঙ্গি’, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহালে মন্তব্য মুখ্যমন্ত্রীর । ‘সত্যের জয় হলো’, বললেন ব্রাত্য

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বিচারকের মানবিক দৃষ্টিভঙ্গি’, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহালে মন্তব্য মুখ্যমন্ত্রীর । ‘সত্যের জয় হলো’, বললেন ব্রাত্য

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ সফর শেষে মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘খুব ভালো হয়েছে। আমি খুব খুশি। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রাথমিক শিক্ষকদের পরিবারকে বাঁচানো হয়েছে— এটাই সবচেয়ে বড়ো কথা।’

ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের রায় খারিজ করে জানান, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে না। সিঙ্গল বেঞ্চের রায়কে তারা ‘বিচারব্যবস্থায় অবাঞ্ছিত হস্তক্ষেপ’ বলেও মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী যদিও এ বিষয়ে বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “বিচারকে আমরা শ্রদ্ধা করি। বিচার নিজস্ব নিয়মে চলবে। চাকরিরত ভাই-বোনেরা চাকরি ফিরে পেয়েছে, এটাই আমার খুশির কারণ। আমাদের কাজ চাকরি দেওয়া, চাকরি খেয়ে নেওয়া নয়।’ রায় ঘোষণার পর মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মহামান্য হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। সিঙ্গল বেঞ্চের পূর্ববর্তী রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণভাবে সুরক্ষিত রইল। শিক্ষকদেরও আন্তরিক শুভেচ্ছা। অবশেষে সত্যের জয় হলো।’

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ২০২৩ সালে সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। পরে সে রায়কে চ্যালেঞ্জ জানায় পর্ষদ। দীর্ঘ শুনানির পর বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত রায় দেয়। এই রায়ে স্বস্তির হাওয়া ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের মধ্যে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!