- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৪, ২০২৫
দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত
ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant)। শীর্ষ আদালতের ৫২তম প্রধান বিচারপতি বি. আর. গাভাই আগামী ২৩ নভেম্বর অবসরে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী, তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধান বিচারপতি বি আর গাভাই উত্তরসূরি হিসেবে সূর্যকান্তর নাম প্রস্তাব প্রস্তাব করেছেন।
প্রথা অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতি অবসরের এক মাস আগে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করেন। সেই নিয়ম মেনেই এবারও প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের বিচারব্যবস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিই পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব পান— যদি তিনি উপযুক্ত বলে বিবেচিত হন। বর্তমানে বিচারপতি সূর্যকান্তই সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি, ফলে তিনিই পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে।
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, ২৪ নভেম্বর তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। তাঁর মেয়াদ চলবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
সূর্যকান্তের শিক্ষা ও কর্মজীবনের সূচনা
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসার শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি সূর্যকান্ত। ১৯৮১ সালে হিসারের সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে স্নাতক এবং ১৯৮৪ সালে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, রোহতক থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি হিসার জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন।
পরের বছর, অর্থাৎ ১৯৮৫ সালে, তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। সাংবিধানিক, দেওয়ানি এবং পরিষেবা সংক্রান্ত মামলায় বিশেষ দক্ষতা অর্জন করেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বোর্ড, কর্পোরেশন, ব্যাংক এবং এমনকি হাইকোর্টের পক্ষেও তিনি আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।
২০০০ সালের ৭ জুলাই, মাত্র ৩৮ বছর বয়সে তিনি হন হরিয়ানার ইতিহাসে সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল। ২০০১ সালের মার্চে পান সিনিয়র অ্যাডভোকেট উপাধি। ২০০৪ সালের ৯ জানুয়ারি তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন।
বিচারক হিসেবে উজ্জ্বল অধ্যায়
২০০৭ থেকে ২০১১ পর্যন্ত তিনি দুই মেয়াদে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির (NALSA) গভর্নিং বডির সদস্য ছিলেন। ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
২০১৮ সালের ৫ অক্টোবর তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। এক বছর পর, ২০১৯ সালের ২৪ মে, তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
২০২৪ সালের ১২ নভেম্বর থেকে তিনি সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদেও দায়িত্ব নিয়েছেন।
প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে বিচারপতি সূর্যকান্ত বহু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক মামলায় রায় দিয়েছেন। ন্যায়বিচারের প্রতি তাঁর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের কারণে তিনি দেশের বিচারব্যবস্থায় এক অনন্য মর্যাদা অর্জন করেছেন।
আগামী ২৪ নভেম্বর যখন তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন, তখন ভারতের বিচারব্যবস্থা তাঁর নেতৃত্বে প্রবেশ করবে এক নতুন অধ্যায়ে।
❤ Support Us






