- দে । শ
- জুন ২৩, ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বজ্রবিদ্যুৎ ও ঝড়ে ভাঙল বহু গাছ; একাধিক জেলায় জারি কমলা সতর্কতা
মঙ্গলবার দুপুর থেকে কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। এরপরই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত। বজ্রবিদ্যুতের তীব্র শব্দে কার্যত কেঁপে ওঠে শহর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
ঝড়ের দাপটে কলকাতার ধর্মতলা, মৌলালি, হাই কোর্ট চত্বর-সহ একাধিক এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে। এর ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। স্কুল-কলেজ ছুটির পর বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন পড়ুয়া ও অভিভাবকেরা।
মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ কলকাতায় বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে চলতে থাকে ঘনঘন বজ্রপাত। শহরের বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার খবরও পাওয়া যায়। ধর্মতলা ও হাই কোর্ট চত্বরে গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। হাই কোর্টের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিদ্যুতের তারের উপরও গাছ পড়ায় কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে।
ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, মৌলালিতে একটি গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে একটি গাড়ির উপর পড়ে। ফলে দুই লেনের রাস্তার এক দিক দিয়ে যান চলাচল করতে হওয়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করেন।
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ঝড়-বৃষ্টির প্রভাব দেখা যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য সারা দিনের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী তিন ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
❤ Support Us







