- দে । শ
- এপ্রিল ১, ২০২৬
বাংলায় এবার বুলডোজারের রাজনীতি, কালনায় হুমকি পদ্ম প্রার্থীর
এবার বুলডোজার দাওয়াই পদ্মপ্রার্থীর। ভোটে জিতলে এলাকার দুষ্কৃতিদের ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার হুঁশিয়ারি দিলেন কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। আর এই হুঁশিয়ারিকে ‘আইন হাতে তুলে নেওয়ার শামিল’ বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এমনিতেই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে কালনার টিকিট পাওয়ার পর থেকেই সিদ্ধার্থবাবু দফায় দফায় বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। তাঁকে বদল করে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রাস্তা অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন, প্রচারে এলে তাড়া করার অভিযোগ ওঠে দলেরই স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এখনও দলের অনেক নেতা-কর্মী ও পদাধিকারী সিদ্ধার্থবাবুর সমর্থনে প্রচারে নামেননি। এই আবহে কালনা শহরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে এসে বুলডোজার চালানোর হুমকি দিয়ে বিতর্ক বাড়ানোর অভিযোগ উঠল সিদ্ধার্থবাবুর বিরুদ্ধে।
পুজো দিয়ে বেরনোর সময় কালনা ২নং ব্লকের পাতিলপাড়ায় আদিবাসীদের ধর্মীয় স্থানের উপর হামলার প্রসঙ্গ তোলেন সিদ্ধার্থবাবু। বলেন, ‘কালনার জনগণকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা দুই হাত তুলে বিজেপিকে ভোট দিন। আশীর্বাদ দিন। জিতে আসার পরে যদি কোনও এইরকম ঘটনা ঘটে, আমি স্পষ্টভাবে বলে দিয়ে যাই, যারা এমন কাজ করেছে তাদের ঘর আমি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেব। পুলিশ কী করবে না করবে, সেটা পরের কথা। সবার আগে আমি পদক্ষেপ নেব।’
স্বাভাবিকভাবেই এই ঘোষণা ‘আইনের উপর ভরসা না করে আইন হাতে তুলে নেওয়া’ বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কালনা ২নং ব্লকের বাসিন্দা রাজ্য তৃণমূলের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর মতে, ‘কোনো অপরাধের কিনারা করার জন্য পুলিশ আছে। সাজা দেওয়ার জন্য আদালত আছে। আর এই গঠনতন্ত্রকে প্রকাশ্যে অমান্য করাওতো ঘোরতর অপরাধ।’ যোগ করেন, ‘আসলে বিজেপির সরকার যেখানে রয়েছে, সেখানেই তারা বুলডোজার চালায়। পুলিশ, আইন, সংবিধান কিছুরই তোয়াক্কা করে না। তাদের দলের প্রার্থীর আচরণ ও কথাবার্তাতো এমনই হবে। এই ঔদ্ধত্যই বিজেপির পতনের কারণ হবে।’
❤ Support Us







