Advertisement
  • দে । শ
  • জুন ৯, ২০২৬

শান্তিবার্তায় দুচাকায় কালনা থেকে কাঠমাণ্ডু যাত্রা শিক্ষিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
শান্তিবার্তায় দুচাকায় কালনা থেকে কাঠমাণ্ডু যাত্রা শিক্ষিকার

চান যুদ্ধমুক্ত পৃথিবী। চান শান্তির পায়রা ভাসুক বিশ্বের বায়ুমণ্ডলজুড়ে। পূর্বস্থলী ১নং ব্লকের রাজপুরের বাসিন্দা পেশায় শিক্ষিকা সুতপা দাসের। প্রত্যাশা পূরণে কালনা থেকে পাড়ি দিয়েছেন নেপালে। সঙ্গী একখানা মোটর বাইক। কালনার বাঘনাপাড়া হাইস্কুলের শরীরশিক্ষা বিভাগের শিক্ষিকা সুতপার নেপালের কাঠমাণ্ডুতে পৌঁছতে লেগেছে ৩ দিন। এত জায়গা থাকতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে কথা বলার জন্য নেপাল কেন ? সুতপার ব্যাখ্যা, ‘মে মাস হচ্ছে ফি-বছরের মাউন্ট এভারেস্ট অভিযানের শুরুর সময়। ফলে এই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বহু পর্বতারোহী, পর্যটক, সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে বহু পেশার মানুষজনের জমায়েত হয়। তাই আমার কথা বলার জন্য এই মুহূর্তে এটাই পৃথিবীর সবথেকে উপযুক্ত জায়গা।’

সমাজের দাবি, মানবিকতার উদ্বোধনে, চেতনার উজ্জীবনে শুধু এবারই নয়, বারেবারেই রাস্তায় নেমেছেন সুতপা। সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার দাবিতে বাইক চালিয়ে সাড়ে ৪ হাজার কিমি পথ অতিক্রম করে হাজির হয়েছিলেন সন্ত্রস্ত লাদাখ উপত্যকায়।

সুতপার পায়ের তলায় সর্ষে। ফুরসত মিললেই বেরিয়ে পড়েন। আর শুধু ভ্রমণ নয়, ভ্রমণের সঙ্গে  মানবচেতনার জমিতে নাড়া দেওয়াটাকেও অভ্যাসে পরিণত করে ফেলেছেন সুতপা। কখনও কন্যাশিশু বাঁচানোর দাবি, কখনও নারী শিক্ষার প্রসার, কখনও এইডস চেতনা প্রচারের মত প্রাসঙ্গিক বিষয়কে সঙ্গী করেই দেশজুড়ে চরকিপাক দেন সুতপা। এবারের নেপাল সফরে সুতপার ‘অস্ত্র’ ‘আর যুদ্ধ নয়’। কারণ হিসেবে সুতপার উচ্চারণ, ‘আজ যতো যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ / আমাদের শান্তি-সুখ করতে চায় লুটতরাজ।’ তাই নেপালের কাঠমাণ্ডু শহর, পশুপতিনাথ মন্দির চত্বর থেকে শুরু করে আসা-যাওয়ার পথের ধারে সুতপার সরব শ্লোগান, ‘জোট বাঁধো তৈরি হও / যুদ্ধ নয় যুদ্ধ নয় / তোলো আওয়াজ।’


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!