- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩০, ২০২৫
কল্যাণীতে দলবদ্ধ যৌন-নির্যাতন মামলায় দোষী ৭ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের
কল্যাণীর রেলব্রিজের নিচে বিবাহিতা তরুণীকে দলবদ্ধভাবে যৌন-নির্যাতনের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল আদালত। ১০ মাসে শেষ হলো বিচারপ্রক্রিয়া। শুক্রবার কল্যাণী মহকুমা আদালত ৭ জন অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। পাশাপাশি, প্রত্যেকের উপর ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাঁচরাপাড়ার বাসিন্দা রাহুল রায় ওরফে অমিতকে বেকসুর খালাস করেছে আদালত। দোষীদের প্রত্যেকেই কল্যাণীর বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ।
২০২৪ সালের ৩০ অক্টোবর। ভোরবেলা কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক দম্পতি। ব্রিজের পাশেই বসেছিল মদের আড্ডা ও জুয়ার আসর। অভিযোগ, সেখানেই উপস্থিত ছিল অভিযুক্ত যুবকদের দল। দম্পতিকে দেখতে পেয়েই তাঁদের উপর চড়াও হয় তারা। স্বামীকে আটকে রেখে, জোর করে টেনে নিয়ে গিয়ে তাঁর সামনেই স্ত্রীর উপর অত্যাচার চালায় অভিযুক্তরা, এমনই অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনার পরই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। পুলিশের তৎপরতায় ধরা পড়ে ৮ জন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। ঘটনার ৩ মাসের মধ্যেই চার্জশিট জমা দেয় তদন্তকারী আধিকারিকরা। এরপর টানা শুনানির পর বৃহস্পতিবার ৮ অভিযুক্তের মধ্যে ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।
শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করেছে কল্যাণী এডিজে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ৭০(১), ৭৮(২), এবং ৩৫১(২) ধারায় অভিযুক্তদের দোষী সব্যস্ত করে আদালত। যৌন নির্যাতনের অভিযোগে প্রত্যেককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য ধারাগুলির আওতায় আরও ২-৩ বছরের শাস্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় জানান, মামলায় ১০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। নির্যাতিতা ও তাঁর স্বামী ছিলেন প্রধান সাক্ষী। ফরেনসিক রিপোর্ট এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই বিচারকের কাছে স্পষ্ট হয়ে যায় অপরাধের মাত্রা ও দায়। আদালতের রায় দানের পর নির্যাতিতার স্বামী বলেন, ‘আইনের উপর ভরসা রেখেছিলাম। দোষীদের উপযুক্ত সাজা হওয়ায় কিছুটা শান্তি পাচ্ছি।’ কল্যাণী আদালতের দ্রুত পদক্ষেপ এবং প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশংসিত হয়েছে প্রশাসনিক মহলে। এক বছরের মধ্যে এমন স্পষ্ট রায় বিরল বলেই মনে করছেন আইনজীবীরা।
❤ Support Us






